ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আট গোল নিয়ে এবারের জেএফএ কাপের সর্বোচ্চ গোলদাতা টাঙ্গাইল জেলার ইলিয়াস।
তার ১০ নম্বর জার্সিতেই বোঝা যায় দলে সে কতটা গুরুত্বপূর্ণ। গ্র"প পর্বে টাঙ্গাইলের প্রথম দুই ম্যাচেই হ্যাটট্রিক করে আশার প্রতিদানও দিয়েছে ইলিয়াস। এরপর আরো দু গোল করেছে সে। অথচ বিস্ময়করভাবে ফাইনালে টাঙ্গাইলের প্রথম একাদশে জায়গা হয়নি তার! মাঠে যখন ইলিয়াসের পা পড়েছে ততক্ষনে খেলার তিরিশ মিনিট শেষ।
তবে পরে নামলে মাঠের গুটিকয়েক দর্শক তার ফুটবল-নৈপুন্য উপভোগ করেছে ঠিকই। দু-তিনবার মহানগর স্কুল একাদশের রক্ষণবুহ্য ভেদ করে এগিয়েও গেছে ইলিয়াস। গোল অবশ্য ধরা দেয়নি। এমনকি টাইব্রেকারেও সে লক্ষ্যভেদ করতে পারেনি। তাই রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাঙ্গাইলকে। পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেললেও শেষটা তাই বেদনা-বিধুর হয়েই থাকলো ১৫ বছর বয়সী ইলিয়াসের।
তবে মাঠ ছেড়ে বেরিয়ে আসার পর সাংবাদিকরা ঘিরে ধরতেই হাসি ফুটে উঠলো তার মুখে। সবার কৌতূহল মিটিয়ে সে জানালো, টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার বাগমারিতে তার বাড়ি। ছয় বছর আগে বাবাকে হারানোর পর থেকে অতি কষ্টে তাদের সংসার চলছে। বড় ভাই থাকলেও মা আর ইলিয়াসের কোনো খোঁজ নেন না তিনি। তাই ফুপাতো ভাইয়ের আশ্রয়ে থাকতে হচ্ছে তাদের।
তবু শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখে ইলিয়াস। বাগবাড়ি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীতে পড়াশোনা করছে সে। তারই ফাঁকে চলছে ফুটবল চর্চা। দেশে এমিলি আর বিদেশে লিওনেল মেসিকে আদর্শ মেনে জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর এ কিশোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২০৫ঘ.
bdnews24