২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্লাব কোচিংয়ে অনেক স্বাধীনভাবে কাজ করা যায়'

সম্প্রতি প্রথম বারের মতো কোনো ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাইফুল বারী টিটু। কাকতালীয়ভাবে যে ক্লাবের হয়ে খেলোয়াড়ী জীবন শুরু করেছিলেন সেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়েই কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। সে সব নিয়েই কথা বলেছেন তিনি। জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 03:25 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্প্রতি প্রথম বারের মতো কোনো ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সাইফুল বারী টিটু। কাকতালীয়ভাবে যে ক্লাবের হয়ে খেলোয়াড়ী জীবন শুরু করেছিলেন সেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়েই কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার। সে সব নিয়েই কথা বলেছেন তিনি। জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাহমুদুল হাসান । প্রশ্ন: এই প্রথম কোনো ক্লাবের প্রধান কোচের দায়িত্ব পেলেন। অনুভূতিটা কেমন ? উত্তর: অনুভূতিটা অবশ্যই সুখকর। এর আগে বিভিন্ন ক্লাবের সহকারী কোচের দায়িত্ব পালন করেছি। এবারই প্রথম পুরোপুরি দায়িত্ব পেলাম। এতে করে আমার কাজের পরিধি যেমন বেড়েছে, ঠিক তেমনি দায়িত্বও বেড়ে গিয়েছে। প্রশ্ন: এটা কি আপনার জন্য চ্যালেঞ্জের ? উত্তর: অবশ্যই এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ। আর আমি চ্যালেঞ্জ নিতে পছন্দও করি। কারণ কোচিংয়ের কাজটাই চ্যালেঞ্জের। আমার বিশ্বাস আমার ওপরে অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করতে পারবো। প্রশ্ন: এর আগে জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। ক্লাব এবং জাতীয় দলের কোচিংয়ের মধ্যে কী পার্থক্য? উত্তর: জাতীয় দলে একজন কোচকে অনেক বেশি চাপ নিয়ে কাজ করতে হয়। ক্লাব কোচিংয়ে তা কিছুটা ব্যতিক্রম। এখানে কিছুটা হলেও স্বাধীনভাবে কাজ করা যায়। জাতীয় দল একটা দেশের প্রতিনিধিত্ব করে বলে প্রত্যাশার চাপ একটু বেশিই থাকে। প্রশ্ন: কিন্তু শেখ জামাল কর্মকর্তাদের সম্পর্কে তো অন্য কথা শোনা যায়। ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের নাকি কোচদের কাজে নাক গলান। এ জন্য গত মৌসুমে দুজন বিদেশী কোচকে চাকরিও হারাতে হয়েছে। উত্তর: এমন কথা আমিও শুনেছি। আমার মতে ক্লাব কর্মকর্তাদের পরামর্শ থাকতে পারে। তবে সেই পরামর্শ কিভাবে, কোথায় দিতে হবে তা কর্মকর্তাদের বোঝা উচিত। কারণ কোচদেরও তো সম্মান আছে। প্রশ্ন: শেখ জামালের গায়ে পাতানো খেলার কলঙ্কের দাগ লেগেছে। প্রথমবার বাংলাদেশ লিগ খেলতে এসে পাতানো খেলার দায়ে জরিমানাও গুনতে হয়েছে তাদের। উত্তর: এই বিষয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। কারণ আমি তখন দায়িত্বে ছিলাম না। তাছাড়া আমি বর্তমান নিয়ে ভাবতে চাই। অতীতে কী হয়েছে তা আমার কাজে মোটেও প্রভাব ফেলবে না। প্রশ্ন: কোচিংয়ে এর আগে আপনার অভিজ্ঞতা কেমন? উত্তর: মোহামেডান ক্লাবে আমি দীর্ঘদিন সহকারী কোচের দায়িত্ব পালন করেছি। শফিকুল ইসলাম মানিক ও মারুফুল হকের সহাকারী ছিলাম। ২০০৯ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোচ হিসেবে যোগ দেই। জাতীয় দলে ব্রাজিলীয় কোচ এডসন সিলভা ডিডো ও ক্রোয়েশিয়ার কোচ রবার্ট রুবচিচের সহকারী ছিলাম। প্রশ্ন: একবার তো জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। উত্তর: হ্যাঁ, ২০১০ সালে আমি হঠাৎ করে জাতীয় দলের দায়িত্ব পেয়ে যাই। সেটা ছিল কলম্বোতে অনুষ্ঠিত এএফসি চ্যালেঞ্জ কাপ। সার্বীয় কোচ জোরান জর্জেভিচের সঙ্গে বাফুফের বনিবনা না হওয়ায় তিনি চলে যাওয়ায় আমাকে হঠাৎ করে এই দায়িত্ব নিতে হয়। প্রশ্ন: নতুন দায়িত্ব পালনের সময় দলের খেলোয়াড়দের কাছে আপনার কী প্রত্যাশা ? উত্তর: খেলোয়াড়দের কাছে আমার প্রত্যাশা চূড়ান্ত মনযোগ। আমার পরামর্শ আর উপদেশ তারা ভালোভাবে আত্মস্থ করতে পারলে ম্যাচে তার সফল বাস্তবায়ন সম্ভব। খেলোয়াড়রা নিজেদের কাজ ভালোভাবে করতে পারলে সফলতা আসবেই। আর তাতেই একজন কোচের সার্থকতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১২১ঘ.