২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএফএ কাপের শিরোপা ঢাকা মহানগর স্কুলের

টাইব্রেকারে টাঙ্গাইল জেলাকে ৪-২ গোলে হারিয়ে জেএফএ কাপের (অনূর্ধ্ব-১৫) শিরোপা জিতেছে ঢাকা মহানগর স্কুল একাদশ। মঙ্গলবার অনুষ্ঠিত চূড়ান্ত খেলা নির্ধারিত সময়শেষে ১-১ গোলে অমীমাংসিত ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 02:14 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাইব্রেকারে টাঙ্গাইল জেলাকে ৪-২ গোলে হারিয়ে জেএফএ কাপের (অনূর্ধ্ব-১৫) শিরোপা জিতেছে ঢাকা মহানগর স্কুল একাদশ। মঙ্গলবার অনুষ্ঠিত চূড়ান্ত খেলা নির্ধারিত সময়শেষে ১-১ গোলে অমীমাংসিত ছিলো। দুটো গোলই হয়েছে প্রথমার্ধে। ৩ মিনিটে ২৫ গজ দূর থেকে নেয়া জুয়েল রানার দুর্দান্ত শট এগিয়ে দেয় টাঙ্গাইলকে। ৩২ মিনিটে এক পরিকল্পিত আক্রমণকে থেকে গোল করে মহানগর স্কুলকে সমতায় ফেরান অধিনায়ক জাহিদ। বিরতির পর দীপ ও আবিদের শট দারুন দক্ষতায় ঠেকিয়ে টাঙ্গাইলকে নিশ্চিত বিপদ থেকে বাঁচান গোলরক্ষক আকাশ। তাই নির্ধারিত সময়ে জয়-পরাজয়ের নিষ্পত্তি হয়নি। টাইব্রেকারে ঢাকা মহানগরের পক্ষে গোল করেন জাহিদ, অন্তু, সুমন ও পারভেজ। টাঙ্গাইলের গোলদাতা রুবেল ও রানা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ঢাকা মহানগর স্কুলের আবিদ। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা টাঙ্গাইলের ইলিয়াস। খেলা শেষে মহানগর স্কুলের কোচ জাবিদ হোসেন অপু উচ্ছ্বসিত কন্ঠে জানান, "বুঝতে পারছি না কীভাবে আনন্দ প্রকাশ করবো। দলকে উদ্দীপ্ত করার জন্য সব কিছুই করেছি। আমরা এক পরিবার হয়ে খেলেছি। আর দলীয় শক্তিতে বলীয়ান হয়েই শিরোপা জিতেছি।" শিরোপার এত কাছে এসেও জিততে না পারায় স্বাভাবিকভাবেই হতাশ টাঙ্গাইল কোচ আতিকুর রহমান জামিল। তবে হারের জন্য দলের খেলোয়াড়দের দোষ দেননি তিনি। বরং মাত্র তিন দিনের প্রস্তুতিতে দল রানার্সআপ হতে পেরেছে বলে আতিকুর সন্তুষ্ট। তিনি বলেন, "১৩ সেপ্টেম্বর বাফুফের কাছ থেকে চিঠি পেয়ে ১৭ তারিখ খেলতে এসেছি। এত অল্প সময় প্রস্তুতি নিয়েও বিকেএসপি ও ঢাকা মহানগরের মতো দলের সঙ্গে ছেলেরা প্রতিদ্বন্দ্বিতা করতে পেরেছে। এটাই তো অনেক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০১১ঘ.