২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীকে ছাড়াই মহিলা ফুটবল লিগ

আবাহনীকে ছাড়াই মাঠে গড়াচ্ছে দেশের প্রথম মহিলা ফুটবল লিগ। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও দিপালী যুব সংঘের ম্যাচ দিয়ে বুধবার শুরু হবে এই লিগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবাহনীকে ছাড়াই মাঠে গড়াচ্ছে দেশের প্রথম মহিলা ফুটবল লিগ। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও দিপালী যুব সংঘের ম্যাচ দিয়ে বুধবার শুরু হবে এই লিগ। প্রথমবার লিগ আয়োজন করতে গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) খেলোয়াড়দের পায়ে পরিয়ে দিচ্ছে পুলের শেকল। ৩১ জন খেলোয়াড়কে পুলের আওতায় রাখা হচ্ছে। প্রতিটি ক্লাব পুল থেকে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড়কে দলভুক্ত করতে পারবে। মহিলা ফুটবল কমিটির সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু জানান, "প্রতিদ্বন্দ্বিতাপূর্ন লিগ আয়োজন করার লক্ষ্যেই পুলপ্রথা রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যেন প্রতিটি ক্লাবই জাতীয় দলের খেলোয়াড়দের দলে নিতে পারে। আমরা সে সুযোগ করে দিচ্ছি ক্লাবগুলোকে।" অথচ শেখ জামাল ধানমন্ডি ক্লাব পুল থেকে সাত জনকে দলে নিয়েছে। ক্লাবটির কর্মকর্তা মাহফুজা আক্তার কিরন এ সম্পর্কে বলেন, "আমরা একজন খেলোয়াড়কে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। কোনো ক্লাব চাইলে তাকে ছেড়ে দিতে আমরা রাজি।" পুলের তালিকাও কিছুটা প্রশ্নবিদ্ধ। জাতীয় দলে সর্বশেষ খেলা ফুটবলারদের তালিকায় না এনে বাফুফে ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় বা সাউথ এশিয়ান (এসএ) গেমসের তালিকা দেখে পুল নির্ধারণ করেছে। যার সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি মহিলা ফুটবল কমিটি। লিগে পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকা। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার ও রানার্সআপ দল ৩০ হাজার টাকা পাবে। আর অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ২০ হাজার টাকা করে। স্পন্সর ওয়ালটনের কাছ থেকে একটি করে ডিভিডি প্লেয়ার পাবেন লিগের সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা । লিগের আটটি দল হলো - শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ওয়ারী ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও দিপালী যুব সংসদ ('ক' গ্র"প) এবং মোহামেডান এসসি লিমিটেড, ব্রাদার্স ইউনিয়ন, ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ এসসি ('খ' গ্র"প)। বাফুফে ভবনে অনুষ্ঠিত সোমবারের সংবাদ সম্মেলনে অবশ্য সবচেয়ে আলোচিত বিষয় ছিল মহিলা ফুটবল কমিটির সহ-সভানেত্রী মাহফুজা আক্তার কিরণের উত্থাপন করা কয়েকটি গুরুতর অভিযোগ। তিনি বলেন, "বাফুফের কিছু কর্মকর্তা চেয়েছিলেন এই লিগ যেন আয়োজন করা সম্ভব না হয়। তারা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছিলেন। কিন্তু তারা সফল হননি।" তবে সেসব কর্মকর্তার নাম বলতে রাজি হননি তিনি। শুধু জানিয়েছেন তাদের কারণে নাকি ১৮ মাস আগে ঘোষণা দিয়েও লিগ শুরু করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২৩৩ঘ.