২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দলের কাছে জাতীয় দলের হার !

অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল! বিস্ময়কর হলেও এটি সত্যি ঘটনা। জাতীয় দল হার মেনেছে ১-২ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 03:42 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল! বিস্ময়কর হলেও এটি সত্যি ঘটনা। জাতীয় দল হার মেনেছে ১-২ গোলে। ডিসেম্বরে ভারতে অনুষ্ঠেয় সাফ ফুটবল টুর্নামেন্টের জন্য জাতীয় দল গড়তেই মূলত এই প্রস্তুতি ম্যাচের আয়োজন। পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যেও এই পরিকল্পনা নেন মেসিডোনীয় কোচ নিকোলা ইলিয়েভস্কি। সেই পরিকল্পনার অংশ হিসেবে দুই ভাগে ভাগ হয়ে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২২ দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় নামে জাতীয় দল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তিনটি প্রস্তুতি ম্যাচের প্রথমটিতেই কোচকে অবাক করে দিয়েছেন জাতীয় দলের ('এ' দল) খেলোয়াড়রা। স্ট্রাইকার সজীবের জোড়া গোলে অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরে বসে তারা। জাতীয় দলের পক্ষে একমাত্র গোলটি শাখাওয়াত হোসেন রনির। জিততে পারেননি আরেক জাতীয় দলও ('বি' দল)। অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে গোলশূন্য ড্র করে তারা। আর তৃতীয় প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২১ দল ৩-১ গোলে হারায় অনূর্ধ্ব-১৯ দলকে। অনূর্ধ্ব -২১ দলের পক্ষে তিনটি গোল করেন সোহেল, সোহেল রানা ও মোখলেস। অনূর্ধ্ব -১৯ দলের পক্ষে একমাত্র গোলটি মাসুদ রানার। সোমবারের তিনটি ম্যাচ থেকে কোচের নজর কেড়েছেন তিনজন খেলোয়াড়। যারা পরবর্তীতে ডাক পেতে পারেন জাতীয় দলে। তারা হলেন অনূর্ধ্ব-২১ দলের গোলরক্ষক সোহেল, মিডফিল্ডার সোহেল রানা ও অনূর্ধ্ব-২২ দলের মিডফিল্ডার ইমন বাবু । তবে ইলিয়েভস্কি এখনই রণে ভঙ্গ দিচ্ছেন না। তার পরিকল্পনা আরও কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলানোর। তারই অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর আরও তিনটি ম্যাচ হবে। সোমবারের মতো সেদিনও দুই ভাগে ভাগ হয়ে দুটি ম্যাচ খেলবে জাতীয় দল। এমনি করে পুরো অক্টোবর মাস জুড়ে আরও কয়েকটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা জাতীয় দলের কোচের। জাতীয় দলের হারে ইলিয়েভস্কি কিছুটা অবাকই হয়েছেন। তিনি বলেন, " তারা অনেকদিন ধরে প্র্যাকটিসের মধ্যে নেই। তাই হয়তো হেরে গেছে। তবে একজন পেশাদার খেলোয়াড়কে অবশ্যই নিজের ব্যাপারে সচেতন থাকতে হবে।" সব কাজ একাই সামলাতে হচ্ছে বলে কিছুটা হতাশা প্রকাশ করেন ইলিয়েভস্কি। তার কোনো সহকারী নেই। তিনি বলেন, "একজন কোচের পক্ষে একা সবকিছু করা অসম্ভব। অবশ্যই কারো সহযোগিতার প্রয়োজন রয়েছে। বাফুফের এটা নিয়ে ভাবা উচিত।" তবে সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দল গড়তে এখনই কোনো সিদ্ধান্তে আসছেন না কোচ। প্রক্রিয়াটা অব্যহত রেখে ধীরে-সুস্থেই দল গড়তে চান তিনি । শুধু জাতীয় দল নয়, অনূর্ধ্ব- ১৯ দলকে নিয়েও ভাবতে হচ্ছে ইলিয়েভস্কিকে। কারণ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল প্রতিযোগিতা হবে। এই প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিএকএসপি) অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন চলছে। এই দলটির গোলরক্ষণ নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, "এই দলে ভালো কোনো গোলরক্ষক নেই। এটা নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় আছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৩৯ঘ.