ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরে শেষ পর্যন্ত আট দলই থাকছে। নয়টি ক্লাব নিয়ে লিগ আয়োজনের কথা থাকলেও নারায়ণগঞ্জ শুকতারা ক্লাবের কাছ থেকে কোন সাড়া পায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
যদিও নির্ধারিত সময়ের মধ্যে (২৩ সেপ্টেম্বের) মধ্যে ছয়টি দল নিশ্চিত করেছে তারা এই লিগে খেলবে। দল গুলো হল- ওয়ারী ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রীড়া চক্র, কক্সসিটি ক্লাব, বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব, উত্তর বারিধারা ক্রীড়াচক্র।
তবে চট্টগ্রাম মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী আশ্বাস দিয়েছে তারা এই লিগে খেলবে। যদিও তারা প্রথমে কিছুই জানায়নি।
এদিকে বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের দলবদলের সম্ভাব্য তারিখ ১-১৫ অক্টোবর। দলবদলের দুই সপ্তাহ পর লিগ শুরু করার পরিকল্পনা রয়েছে বাফুফের। তা হতে পারে ১ নভেম্বর থেকে।
এই লিগের ভেন্যু ঢাকার বাইরে রাখার পরিকল্পনা বাফুফের । বি-লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী বলেন, "ফুটবলকে ছড়িয়ে দিতে ঢাকার বাইরে কয়েকটি ভেন্যু রাখার পরিকল্পনা রয়েছে আমাদের। তা হতে পারে নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।"
"যদিও মূল স্তরের মতো দ্বিতীয় স্তরের খেলার ভেন্যু হোম এন্ড অ্যাওয়ে ভিত্তিতে হবে না। প্রতিটি ভেন্যুতে ১০-১৫দিন করে খেলা হবে, " বলেন সালাম।
বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তর এবারই প্রথম আয়োজন হচ্ছে। গত কয়েকবছর হবে হবে করেও হচ্ছিল না। দেরিতে হলেও শেষ পর্যন্ত মাঠে আলোর মুখ দেখতে যাচ্ছে এই লিগ। বাফুফের সারা বছর খেলা মাঠে রাখার উদ্যোগের একটি অংশ এটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৮২৬ ঘ.
bdnews24