ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার দর্শক হয়ে যেতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনিও।
দলের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন শনিবার বলেন, হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় এক সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।
স্টোক সিটির বিপক্ষেও খেলতে পারেননি তিনি। কেননা এর আগেই চাট পান প্রশিক্ষণের সময়। খেলাটি ১-১ গোলে শেষ হয় অমীমাংসিতভাবে।
ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গ্র"প পর্বে মঙ্গলবার বাসেলের বিপক্ষেও দর্শকের কাতারে বসতে হতে পারে রুনিকে। নরউইচের বিপক্ষে প্রিমিয়ার লিগের শনিবারের খেলাতেও মাঠে নাও দেখা যেতে পারে তাকে।
"রুনির চোট গুরুতর কিছুই নয়, তবে আমার মনে হয় না যে আগামী সপ্তাহে তাকে পাওয়া যাবে," বলেন ফার্গুসন, "এক সপ্তাহেরও বেশি সময় মাঠের বাইরে থাকতে হবে বলেই মনে হচ্ছে।"
এই মৌসুমে ইউনাইটেডের হয়ে রীতিমতো মাঠ কাঁপাচ্ছেন রুনি। সব ধরনের প্রতিযোগিতায় এ পর্যন্ত গোল করেছেন নয়টি। এর মধ্যে প্রিমিয়ার লিগে হ্যাট্রিক করেছেন আর্সেনাল ও বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে।
এরই মধ্যে চোট পেয়ে মাঠের বাইরে চলে গেছেন হাভিয়ের হার্নান্দেজ, জনি ইভান্স, মাইকেল ক্যারিক, নেমানজা ভিদিচ, ক্রিস স্মোলিং, রাফায়েল, টম ক্লেভারলি ও ড্যারোম গিবসন।
এত খারাপ খবরের মধ্যে কিছু ভালো খবরও আছে দলটির জন্য। চোট সেরে যাওয়ায় মাঠে ফিরেছেন রিও ফার্ডিনান্ড ও ড্যানি ওয়েলবেক। স্টোকের বিপক্ষে খেলেছেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩৭ ঘ.
bdnews24