ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মিলানের দুই দল শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেছে সেরি আয়। ইন্টার মিলান জিতেছে দশজনের বোলোনার সঙ্গে ৩-১ গোলে। ১-০ গোলে সেসেনাকে হারিয়েছে এসি মিলান। গোলশূন্য ড্র হয়েছে নাপোলি ও ফিওরেন্টিনার খেলা।
ফলে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান ভাগাভাগি করছে দল দু'টো জেনোয়া, জুভেন্টাস ও উদিনেসের সঙ্গে। পাঁচটি দলেরই পয়েন্ট ৭। মিলান তাদের চেয়ে পিছিয়ে আছে ২ পয়েন্ট ও ইন্টার ৩।
সব ধরনের প্রতিযোগিতায় পাঁচ খেলায় টানা হারার পর নতুন কোচ ক্লদিও রানিয়েরির অধীনে ইন্টার অতিথি হয়ে খেলতে যায় বোলোনার মাঠে। প্রথম খেলাতেই পথ চলা শুরু করলেন তিনি জয় দিয়ে। দলকেও বের করে আনলেন হারের বৃত্ত থেকে। সেরি আয় চার খেলায় এই প্রথম জয়ের মুখ দেখলো দলটি।
খেলার ৩৯ মিনিটে ইন্টারের গিয়ামপাওলো পাজ্জিনি এগিয়ে নেন দলকে। কিন্তু ৬৬ মিনিটে পেনাল্টি থেকে আলেসান্দ্রো দিয়ামান্তি গোল শোধ করে দিলে ইন্টার শিবিরে শঙ্কা দেখা দেয়, জয় কি শেষ পর্যন্ত অধরাই থেকে যাবে!
দিয়েগো আলবার্তো মিলিতো ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে আবারো এগিয়ে নিলে স্বস্তি ফিরে আসে ইন্টার শিবিরে। কিন্তু নীরবতা নেমে আসে স্টেডিয়ামে উপস্থিত প্রায় সাড়ে ২২ হাজার দর্শকের মধ্যে। তাদের বেশির ভাগই যে বোলোনার সমর্থক।
খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে বোলোনার কফিনে শেষ পেরেকটি ঠোকেন লুসিও।
এদিকে মিলানের মাঠে সমর্থকদের আর হতাশ করেননি দলের খেলোয়াড়রা। সেরি আয় চার খেলায় হারের তিক্ত স্বাদ নিতে হলেও এবার আর নিতে হয়নি। খেলার পাঁচ মিনিটে গোল করে ৪১ হাজার দর্শককে আনন্দে ভাসান ক্লেয়ারেন্স সিড্রফ।
এরপর গোলের খেলা ফুটবলে আর গোলের দেখা পায়নি কোনো দল। ফলে সেসেনাকে মাঠ ছাড়তে হয় হার মেনে।
রোববার রাতে মুখোমুখি হবে শিয়েভো ও জেনোয়া; আটলান্টা ও নভোরা; ক্যালিয়ারি ও উদিনেস; কাতানিয়া ও জুভেন্টাস; লাজিও ও পালের্মো; সিয়েনা ও লিস এবং পার্মা ও রোমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০১ ঘ.
bdnews24