ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১০ সালের মে মাসে প্রতিষ্ঠিত হলেও 'এসো হই ফুটবলারের চেয়েও বেশী কিছু'- এই শ্লোগান নিয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো 'ক্রিয়েটিভ ফুটবল স্কুল'।
ফুটবলের উজ্জ্বল ভবিষ্যতের আশায় ২০০৮ সালে এই প্রতিষ্ঠান নিয়ে আলোচনা শুরু করেন মারুফুল হক, সাইফুল বারী টিটু, নকীব খান, জুয়েল রানা ও আমিনুল হক। শেষ পর্যন্ত বাস্তবে রূপ নিলো তাদের স্বপ্ন।
শুক্রবার এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেটিকস ক্লাবের সভাপতি প্রফেসর ড. আমিনুল হক, জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু, সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, শফিকুল ইসলাম মানিক, জসিমউদ্দিন জোশি ও আমিরুল ইসলাম বাবু।
শিশুদের সৃজনশীল, বুদ্ধিদীপ্ত ও দক্ষ ফুটবলারের পাশাপাশি মানসিক শক্তিতে বলীয়ান একজন সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
এখানে ৭ বছর বয়সে ভর্তি হয়ে ১৮ বছর পর্যন্ত অনুশীলন করা যাবে।
শিক্ষার্থীদের প্রতি গ্র"পে একজন বেতনভুক্ত সনদপ্রাপ্ত কোচ ও একজন স্বেচ্ছাসেবক কোচ থাকবেন। পুরো প্রক্রিয়াটি পরিচালনার দায়িত্বে থাকবেন মারুফুল হক ও সাইফুল বারী টিটু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৩১ঘ.
bdnews24