ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেরই এক ভক্তকে লাথি মেরে আবার বিতর্কের জন্ম দিলেন দিয়েগো মারাদোনা।
ইউটিউবের এক ভিডিওতে দেখা গেছে, খেলা শুরু হওয়ার আগে ছবি তোলার জন্য দাঁড়িয়ে ছিলেন মারাদোনা। লোহার শিকের তৈরি মাঠের সীমানা নির্ধারণী প্রাচীরে একটি ব্যানার ধরে দাঁড়িয়েছিলেন তিনি। সে সময় মারাদোনার এক ভক্ত লোহার শিকের ফাঁক দিয়ে হাত ঢুকিয়ে তাকে দেখার চেষ্টা করছিলেন।
দুবার তাকে নিরস্ত করার পর তৃতীয় বার আর রাগ চেপে রাখতে পারেননি এই কিংবদন্তী ফুটবলার। ঐ ভক্তের হাতে লাথি মেরে বসেন তিনি।
খেলায় মারাদোনার দল আল ওয়াসল ৩-০ গোলে নবাগত এমিরেটসকে হারায়।
খেলাশেষে সংবাদ সম্মেলনে ঐ আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি।
মাঠের ভেতরে-বাইরে অদ্ভূত আচরণের জন্য মারাদোনা সব সময়ই আলোচিত।
আর্জেন্টিনার কোচের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর গত মে মাসে আল-ওয়াসলের কোচের দায়িত্ব পান আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক মারাদোনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২০২২ঘ.
bdnews24