২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোকোভিচের চোট গুরুতর নয়

দারুণ সময় কাটানো সার্বিয়ার নোভাক জোকোভিচের চোট তেমন গুরুতর কিছু নয়। স্বয়ং জোকোভিচই জানিয়েছেন কিছু দিন বিশ্রাম নিলেই সেরে উঠবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 03:09 PM

Updated : 24 Aug 2022, 04:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দারুণ সময় কাটানো সার্বিয়ার নোভাক জোকোভিচের চোট তেমন গুরুতর কিছু নয়। স্বয়ং জোকোভিচই জানিয়েছেন কিছু দিন বিশ্রাম নিলেই সেরে উঠবেন তিনি। এ বছর ৬৪টি জয়ের বিপরীতে মাত্র দুটো হার নিয়ে ডেভিস কাপের সেমিফাইনালে অংশ নিতে যান জোকোভিচ। কিন্তু পিঠের ব্যথার কারণে প্রথম এককে খেলতে পারেননি। ফিরতি এককে কোর্টে নামলেও খেলা চলাকালে নাম প্রত্যাহার করে নেন তিনি। তবে চোট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই জানিয়ে জোকোভিচ বলেন, "যতোটা আশঙ্কা করেছিলাম চোট ততোটা গুরুতর নয়। আসলে আমার কিছু দিন বিশ্রামের প্রয়োজন।" জোকোভিচ আরো জানিয়েছেন, চোটের কারণে অক্টোবরে চীনে হতে যাওয়া সাংহাই মাস্টার্স ও চায়না ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিতে পারেন তিনি। তিনি বলেন, "আশা করি ওই সময়ের মধ্যে আমি সুস্থ হয়ে উঠবো। তবে চোট নিয়ে আমি কোনো ধরনের ঝুঁকি নিতে চাই না। পুরোপুরি সুস্থ হতে কত সময় লাগবে তা এখনই বলা সম্ভব নয়।" এ ধরনের পিঠের সমস্যায় অবশ্য আগে কখনো পড়েননি জোকোভিচ। ইউএস ওপেন থেকেই এই ব্যথা বয়ে বেড়াচ্ছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৫ঘ.