২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃসময় কাটছেই না এসি মিলানের

সময়টা মোটেই ভালো যাচ্ছে না এসি মিলানের। আগের দুই ম্যাচে ড্র ও হারের পর বুধবার ইতালির 'সেরি আ' তে উদিনেসের সঙ্গেও ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 06:57 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময়টা মোটেই ভালো যাচ্ছে না এসি মিলানের। আগের দুই ম্যাচে ড্র ও হারের পর বুধবার ইতালির 'সেরি আ' তে উদিনেসের সঙ্গেও ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়ন মিলান। আরেক গুরুত্বপূর্ণ খেলায় দশ জনের দলে পরিণত জুভেন্তাসকে ১-১ গোলেই রুখে দিয়েছে বোলোনিয়া। 'সেরি আ'র অন্যান্য খেলায় লাৎসিও ২-১ গোলে চেসেনাকে, শিয়াভো ১-০ গোলে নাপোলিকে, ফিওরেন্তিনা ৩-০ গোলে পার্মাকে, জেনোয়া একই ব্যবধানে কাতানিয়াকে, আতালান্তা ২-১ গোলে লেচ্চেকে ও পালের্মো ৩-২ গোলে ক্যালিয়ারিকে হারিয়েছে। মিলানের মাঠ সান সিরোতে স্বাগতিক গোলরক্ষক ক্রিশ্চিয়ান আবিয়াতির ভুলের সুযোগ কাজে লাগিয়ে ২৯ মিনিটে উদিনেসেকে এগিয়ে দেন আন্তনিও দি নাতালে। ৬৩ মিনিটে খেলায় সমতা ফেরান মিলানের তরুণ খেলোয়াড় স্তেফান এল শারাওয়াই। ১৯ মিনিটের সময় ব্রাজিলের তারকা খেলোয়াড় আলেজান্দ্রে পাতো উরুর চোটের কারণে মাঠের বাইরে চলে যাওয়ার পর তার জায়গায় খেলতে নামেন তিনি। প্রথম দুই খেলা জিতে ভালোভাবে লিগ শুরু করা জুভেন্তাস বুধবারই প্রথম পয়েন্ট নষ্ট করলো। যদিও বোলোনিয়ার সঙ্গে প্রথমে গোল করে জুভেন্তাসই। ২৯ মিনিটে আন্দ্রিয়া পির্লোর ফ্রি-কিক থেকে দলকে এগিয়ে নেন জুভেন্তাসের আক্রমণভাগের খেলোয়াড় মির্কো ভুসিনিচ। তবে বিরতির ঠিক আগে ভুসিনিচ নায়ক থেকে পরিণত হন খলনায়কে। প্রতিপক্ষের রক্ষণভাগের খেলোয়াড় আর্চিমেদো মোর্লেওকে অবৈধভাবে বাধা দেয়ার অপরাধে দ্বিতীয় হলুদ অর্থাৎ লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। ৫২ মিনিটে গোল করে বোলোনিয়াকে সমতায় ফেরান দানিয়েলে পোর্তানোভা। ৩ খেলায় ৭ পয়েন্ট নিয়ে জুভেন্টাস লিগের দ্বিতীয় স্থানে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১২৪৪ ঘ.