২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ড্র

স্পেনের লা লিগায় বুধবার হোঁচট খেয়েছে দুই শিরোপা প্রত্যাশী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ২-২ গোলে ভ্যালেন্সিয়া ও রানার্স আপ রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্র করেছে রেসিং সান্তান্দারের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 05:45 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় বুধবার হোঁচট খেয়েছে দুই শিরোপা প্রত্যাশী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ২-২ গোলে ভ্যালেন্সিয়া ও রানার্স আপ রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্র করেছে রেসিং সান্তান্দারের সঙ্গে। দিনের অন্যান্য খেলায় আতলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে স্পোর্টিং গিজনকে, মালাগা ১-০ গোলে অ্যাথলেটিক বিলবাওকে ও লেভান্তে ২-১ গোলে রায়ো ভায়েকানোকে হারিয়েছে। দশ জনের দল নিয়েও ভ্যালেন্সিয়া অতিথি বার্সেলোনাকে ভালোভাবেই আটকে দিতে পেরেছে। শুরু থেকে তুলনামূলক ভালো খেলেছে ভ্যালেন্সিয়াই। সুবাদে গোলও পেয়ে যায় তারা। দ্বাদশ মিনিটে স্বাগতিকদের রক্ষণভাগের খেলোয়াড় জেরেমি ম্যাথিউ নিজেদের প্রান্ত থেকে বল নিয়ে দ্রুত পৌঁছে যান বার্সার পেনাল্টি বক্সের মধ্যে। তাকে আটকাতে যান এরিক আবিদাল। দুর্ভাগ্য আবিদালের, বল তার গায়ে লেগে জড়িয়ে যায় নিজেদের জালে। তবে দু মিনিট পরই সমতা ফেরায় বার্সেলোনা। লিওনেল মেসি ভ্যালেন্সিয়ার বক্সের বাঁ-প্রান্ত থেকে বল দেন পেদ্রোকে। দক্ষতার সঙ্গে তা জালে জড়িয়ে দেন পেদ্রো। ২৩ মিনিটে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাথিউর কাছ থেকে বল পান অরক্ষিত পাবলো হার্নান্দেজ। হার্নান্দেজের শট থেকে বল আশ্রয় নেয় জালে। পিছিয়ে পড়ে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। যদিও ভ্যালেন্সিয়ার পাল্টা আক্রমণগুলোও পেপ গার্দিওলার দলকে বার বার শঙ্কায় ফেলছিলো। দ্বিতীয়ার্ধে লড়াই আরো জমে ওঠে। দু দলই মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করতে থাকে। বার্সেলোনা খেলায় ফেরার চেষ্টা করলেও ভ্যালেন্সিয়ার রক্ষণাত্মক ফুটবলের কারণে সুবিধা করে উঠতে পারছিলো না। তবে ৭৭ মিনিটে আর নিজেদের জাল অরক্ষিত রাখতে পারেনি স্বাগতিকরা। মেসির কাছ থেকে পাস পেয়ে আরো একবার বার্সেলোনাকে সমতায় ফেরান সেস ফ্যাব্রেগাস। বাকি সময়ে দুই দল অনেক চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। শেষ মুহূর্তে জর্দি অ্যালবা লাল কার্ড দেখায় দশ জনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া। যদিও তাতে কোনো লাভ হয়নি বার্সার। ৪ খেলায় ১০ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়াই এখন লিগের শীর্ষে। সমান খেলায় ৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা আছে চার নম্বরে। রোববার লেভান্তের কাছে হেরে যাওয়ার পর বুধবার রেসিং সান্তানদারের সঙ্গে গোলশূন্য ড্র করায় রিয়াল মাদ্রিদের শিরোপা পুনরুদ্ধারের আশা এখন প্রশ্নের মুখে। প্রথমার্ধে আক্রমণভাগের খেলোয়াড় হোসে ক্যালেয়ন দুটো সুযোগ নষ্ট করায় রিয়াল গোলের দেখা পায়নি। বিরতির পর অ্যাঞ্জেলো দি মারিয়া ও জাবি আলনসোর ব্যর্থতার কারণে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় হোসে মরিনহোর দলকে। ৪ ম্যাচে ৭ পয়েন্টের সুবাদে রিয়ালের অবস্থান সপ্তম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১১০০ ঘ.