ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী বছর লন্ডন অলিম্পিকের আগে ব্রাজিলের ক্লাব সান্তোস ছাড়ার কোনো ইচ্ছা নেই বিশ্ব ফুটবলের নতুন তারকা নেইমারের।
আগামী মৌসুমের দল-বদলের সময় স্পেনের দুই প্রধান ক্লাব রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনায় তার যোগ দেয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল।
তবে সোমবার সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে স্বয়ং নেইমার ওই গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, "আমি বিশ্বাস করি স্পেনের বড় দুটি ক্লাবে খেলতে পারা দারুণ সম্মানজনক ব্যাপার। কিন্তু আমি এখন ব্রাজিলে আমার পরিবার ও বন্ধুদের কাছাকাছি থেকে খেলতে পেরেই খুশি।"
"আমি ইতিমধ্যেই আগামী মৌসুমের দল-বদলের সময় সান্তোস না ছাড়ার সিদ্ধান্তনিয়েছি । আর কোনো ক্লাবের সঙ্গে আমার কোনো চুক্তিও হয়নি," যোগ করেন তিনি।
অবশ্য আগামী বছরের (গ্রীষ্মের) দল-বদলের সময় রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী নেইমার। তিনি বলেন, "আশা করি আগামী বছরের দল-বদলের সময়ও ওই বড় দল দুটো আমাকে দলে টানতে চাইবে। হয়তো অন্য ক্লাবও আগ্রহ দেখাবে। ওই সময় পর্যন্ত চিন্তা-ভাবনা করার যথেষ্ট সময় পাবো আমি।"
আগামী বছর শতবর্ষে পা দিতে যাচ্ছে নেইমারের ক্লাব সান্তোস।
সন্তোসের হয়ে আগামী ডিসেম্বরে ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেবে নেইমার। এই প্রতিযোগিতায় খেলবে বার্সেলোনাও। এ বছরের শুরুতে দক্ষিণ আমেরিকার সেরা ক্লাব প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের শিরোপা জেতে সান্তোস। দলের সাফল্যের পেছনে বড় ভূমিকা ছিলো নেইমারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১১৩ঘ.
bdnews24