ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেভিস কাপের চূড়ান্ত খেলায় মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। চূড়ান্ত খেলা হবে স্পেনে, ২-৪ ডিসেম্বর।
সেমিফাইনালে আর্জেন্টিনা ৩-২ ব্যবধানে গতবারের চ্যাম্পিয়ন সার্বিয়া ও স্পেন ৪-১ ব্যবধানে হারায় ফ্রান্সকে।
রোববার হুয়ান মার্তিন দেল পোত্রোর বিপক্ষে পিঠের ব্যথার কারণে খেলার মাঝপথ থেকে সরে দাঁড়ান র্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জোকোভিচ। প্রথম সেট ৭-৬(৭/৫) গেমে হেরে যাওয়ার পর দ্বিতীয় সেট ৩-০ গেমে পিছিয়ে ছিলেন তিনি।
জোকোভিচ সরে দাঁড়ানোর সঙ্গে, সঙ্গেই শেষ হয়ে যায় সার্বিয়ার ফাইনালে ওঠার আশা। যদিও শেষ এককে সার্বিয়ার ইয়াঙ্কো তিপসারেভিচের বিপক্ষে খেলার সময় নিজের নাম প্রত্যাহার করে নেন আর্জেন্টিনার হুয়ান মোনাকো।
চোটের কারণে শুক্রবার উদ্বোধনী একক থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন জোকোভিচ। তার জায়গায় খেলেন ভিক্তর ত্রইচকি। কিন্তু আর্জেন্টিনার দাভিদ নালবানদিয়ানের কাছে ৬-৪, ৪-৬, ৬-২ ৬-৩ গেমে হেরে যান তিনি।
অন্য সেমিফাইনালে ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গাকে দাঁড়াতেই দেননি স্পেনের রাফায়েল নাদাল। ছেলেদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা নাদাল ৬-০, ৬-২, ৬-৪ গেমে হারান সোঙ্গাকে।
এর পর স্পেনের ফার্নান্দো ভারদেস্কো হারিয়ে দেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকেতকে।
যদিও দ্বৈতের খেলায় জিতেছিলো ফ্রান্স। সেখানে ভালো খেলা সোঙ্গাকে ফিরতি এককে জাইলস সিমোনের জায়গায় খেলতে নামানো হয়েছিলো। কিন্তু সোঙ্গা ফ্রান্সকে জয় এনে দিতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৯ ঘ.
bdnews24