ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখন অনেক পিছিয়ে থাকলেও ফেন্সিংয়ে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বেনি গার্সিয়া।
আন্তর্জাতিক ফেন্সিং ফেডারেশনের কোচ বেনি গার্সিয়া নিজের দেশ ফিলিপাইনেরও প্রধান কোচ। এশিয়ান ফেন্সিং কনফেডারেশনের মাধ্যমে দু সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছেন তিনি।
মূলত কোচদের প্রশিক্ষণের জন্য এসেছেন গার্সিয়া। বিশ জনের একটি দলকে প্রশিক্ষণও দিচ্ছেন। ২৫ সেপ্টেম্বর দেশে ফিরে যাওয়ার আগে একটি পরীক্ষা নেবেন তিনি। সেই পরীক্ষায় উত্তীর্ণরা পাবেন সনদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি মূলত কোচদের প্রশিক্ষণ ও সেমিনারের জন্য এসেছি। তবে খেলোয়াড়দের সঙ্গেও কাজ করছি। তাদের খেলার উন্নতির জন্য দুই সপ্তাহ খুব কম সময়।"
স্বল্প সময়ের জন্য এসেছেন বলে খেলোয়াড়দের খেলায় খুব বেশি পরিবর্তন করতে চান না গার্সিয়া। তিনি বলেন, "খেলোয়াড়দের নতুন কৌশল শেখানোর চেষ্টা করছি। এগুলো নিয়ে নিয়মিত অনুশীলন করলে আশা করি তাদের বেশ উন্নতি হবে। তবে তাদের কঠোর পরিশ্রম করতে হবে।"
"ছেলেদের মধ্যে ৪-৫ জন সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছেন। মেয়েদের ২-৩ জনকে ভালো মানের মনে হয়েছে," যোগ করেন তিনি।
তিনি বলেন, "বাংলাদেশে মাত্রই ফেন্সিং শুরু হয়েছে। আরো অনেক পথ পাড়ি দিতে হবে তাদের। তবে সে জন্য বিশেষজ্ঞ কোচ প্রয়োজন। সেই সঙ্গে প্রয়োজন সরকারের সহযেগিতাও।"
বাংলাদেশের প্রধান কোচ ভারতের রাকেশ কুমার দু বছর ধরে কাজ করছেন। তিনি বলেন, "স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের কাছে ফেন্সিংকে আরো বেশি করে নিয়ে যেতে হবে। তাহলেই অনেকে খেলাটির প্রতি আগ্রহী হয়ে উঠবে।"
"একটু বেশি বয়সে ফেন্সিং শুরু করা যায় না। ১০ বছর বয়স থেকে শুরু করলেই ভালো। একজন ফেন্সারকে প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা অনুশীলন করতে হয়। সেক্ষেত্রে ওই ফেন্সারের লেখাপড়ায় সমস্যা হতে পারে। তার দায়িত্ব সরকার না নিলে ফেন্সিং কিছুতেই এগোতে পারবে না," যোগ করেন রাকেশ।
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপী ওয়ালটন দ্বিতীয় প্রেসিডেন্ট কাপ ফেন্সিং। এই প্রতিযোগিতায় রাজশাহী ক্লাব, মিরপুর ক্লাব, আনসার ও ভিডিপি এবং ঢাকা কমার্স কলেজের ৬০ জন প্রতিযোগী ফয়েল, এপি ও স্যাবার বিভাগে ২৪টি পদকের জন্য লড়াই করবেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এ সময় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ, আর বি গ্র"পের সহকারী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ও ফেন্সিং অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৭ঘ.
bdnews24