ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এদিনসন কাভানির হ্যাট্রিকে সেরি আতে রোববার নাপোলি ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানকে।
গতবার তৃতীয় হওয়া নাপোলি এবার লিগ শিরোপার লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে। দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে তারাই তালিকায় শীর্ষে ।
দিনের অন্যান্য খেলায় উদিনেসে ২-০ গোলে ফিওরেন্তিনাকে, জুভেন্তাস ১-০ গোলে সিয়েনাকে, পার্মা ২-১ গোলে শিয়েভোকে, জেনোয়া ২-১ গোলে লাৎসিওকে, কাতানিয়া ১-০ গোলে চেসেনাকে, লেচ্চে ২-০ গোলে বোলোনিয়াকে ও আতালান্তা ১-০ গোলে পালের্মোকে হারিয়েছে।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের উদ্বোধনী খেলায় ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছিলো নাপোলি। পরের খেলাতেই কাভানির দুর্দান্ত নৈপুণ্যে গুরুত্বপূর্ণ জয় পেলো তারা।
অবশ্য চোটের কারণে তারকা খেলোয়াড় জাতান ইব্রাহিমোভিচ, অধিনায়ক মাসিমো আমব্র্রোসিনি ও কেভিন প্রিন্স বোয়েটাংকে ছাড়াই নাপোলির বিপক্ষে মাঠে নামতে হয়েছে মিলানকে। তারপরও ১২ মিনিটে অতিথি মিলানই মাঝমাঠের খেলোয়াড় আলবার্তো আকুইলানির গোলে প্রথমে এগিয়ে গিয়েছিলো। তবে বেশিক্ষণ এগিয়ে থাকার আনন্দ উপভোগ করতে পারেনি তারা। পরের মিনিটেই গোল করে দলকে সমতায় ফেরান কাভানি।
এরপর ৩৬ ও ৫১ মিনিটে আরো দুটো গোল করে মৌসুমে নিজের প্রথম হ্যাট্রিক পূরণ করেন তিনি। সেই সঙ্গে পুরনো দলের বিপক্ষে বর্তমান দলকে এনে দেন গুরুত্বপূর্ণ এক জয়।
গত মৌসুমে ২৬ গোল করে এক মৌসুমে মিলানের পক্ষে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছিলেন কাভানি। হ্যাট্রিক করেছিলেন জুভেন্তাস, সাম্পদোরিয়া ও লাৎসিওর বিপক্ষে।
খেলা শেষে উচ্ছ্বসিত কাভানি বলেন, "এখানকার পরিবেশ ও আনন্দ দারুণ উপভোগ করেছি আমরা। আমরা খুব ভালো খেলেছি আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪৫৭ ঘ.
bdnews24