ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের লা লিগায় রোববার নিচের সারির দল লেভান্তের কাছে ১-০ গোলে হেরেছে দশজনের রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়তে বাধ্য হন সামি খেদিরা।
৬৮ মিনিটে খেলার একমাত্র গোলটি করেন লেভান্তের আক্রমণভাগের খেলোয়াড় আরুনা কোনে।
শনিবার রাতে ৮-০ গোলে ওসানুনাকে বিধ্বস্ত করে কোচ পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনা নিজেদের মাঠে সবচেয়ে বড় জয় তুলে নিলেও এই নিয়ে টানা তিনবার লেভান্তের মাঠে গোল করতে ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ।
অবশ্য এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না রিয়ালের তারকা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে প্রথমার্ধে দল জ্বলে উঠতে না পারায় দ্বিতীয়ার্ধের শুরুতেই বেনজেমাকে তুলে নিয়ে রোনালদোকে মাঠে নামান রিয়াল কোচ হোসে মরিনহো। যদিও তাতে কোনো কাজ হয়নি। উল্টো বিরতির পর গোল খেয়ে বসে তারা।
এই হারের ফলে বর্তমানে পয়েন্ট টেবিলে রিয়াল বার্সার চেয়ে এক পয়েন্টে এবং শীর্ষে থাকা ভ্যালেন্সিয়া ও রিয়াল বেটিসের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে।
মরিনহো দলের এই বাজে হারের জন্য একজনকেই দায়ী করেছেন।
তিনি বলেন, "এই ধরনের পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় এটা জানা থাকার পরও সামি ফাঁদে ধরা দেন। আমার বিশ্বাস প্রত্যেক খেলোয়াড় এই ধরনের পরিস্থিতি এড়িয়ে যাওয়ার মতো যথেষ্ট বুদ্ধি রাখে।"
খেলার ২৩ মিনিটেই এগিয়ে যাওয়ার ভালো একটা সুযোগ পেয়েছিলো রিয়াল মাদ্রিদ। লেভান্তের গোলরক্ষক গুস্তাভো মুনুয়া নিজ দলেরই এক জনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। বলও তার হাত থেকে ফস্কে গিয়ে পড়ে রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় ফ্যাবিও কোয়েন্ত্রাওয়ের পায়ে। সেখান থেকে তিনি বল ঠেলে দেন করিম বেনজেমাকে। কিন্তু বেনজেমার শট গোললাইন থেকে ফিরিয়ে দেন লেভান্তের রক্ষণভাগের খেলোয়াড় সার্জিও বেলেস্তেরোস।
গোল করতে না পেরে হতাশ রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা প্রথমার্ধের শেষ দিক লেভান্তের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ঘটনার সূত্রপাত অ্যাঞ্জেল দি মারিয়াকে অবৈধভাবে বাধা দেয়া নিয়ে। এক পর্যায়ে বেলেস্তেরোসকে জোরে ধাক্কা মেরে বসেন খেদিরা। শাস্তি স্বরূপ দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।
দিনের অন্যান্য খেলায় আতলেটিকো মাদ্রিদ ৪-০ গোলে রেসিং সান্তান্দারকে, বেটিস ৩-২ গোলে অ্যাথলেটিক বিলবাওকে, রিয়াল জারাগোজা ২-১ গোলে এসপানিয়লকে ও রায়ো ভায়েকানো ১-০ গোলে গেটাফেকে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২৩০ ঘ.
bdnews24