ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা দুটো ড্রয়ের পর ওসাসুনার জালে গোল উৎসব করে জয়ের ধারায় ফিরেছে বার্সেলোনা। লিওনেল মেসির হ্যাট্রিকের সুবাদে শনিবার লা লিগায় ৮-০ গোলে জিতেছে তারা।
নিজে তিন গোল করা ছাড়াও দুটো গোল বানিয়ে দেন মেসি। দাভিদ ভিয়া করেন দুই গোল। একটি করে গোল সেস ফ্যাব্রেগাস ও জাভির। বাকি গোলটি ছিলো আত্মঘাতী।
নিজেদের মাঠে ওসাসুনাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে পেপ গার্দিওলার দল বার্সা। প্রতিপক্ষের জালে গোল উৎসবের সূচনা করেন মেসি। ৫ মিনিটে দলকে এগিয়ে নেন তিনি। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ফ্যাব্রেগাস।
খেলার শুরু থেকে বার্সেলোনার একের পর এক আক্রমণে দিশেহারা ওসাসুনা একদমই লড়াই করতে পারেনি। আক্রমণ করা তো দূরের কথা বরং নিজেদের রক্ষণ সামলাতেই সারাক্ষণ ব্যস্ত ছিল তারা। খেলাও হয়েছে মূলত ওসাসুনার সীমানাতেই।
অন্যদিকে অধিনায়ক কার্লোস পুয়োল ফিরে আসায় বার্সেলোনার রক্ষণভাগের শক্তি বেড়ে গেছে অনেকখানি। গত সপ্তাহে লিগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে এবং তিন দিন পর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের উদ্বোধনী খেলায় এসি মিলানের সঙ্গে ড্র করে বার্সেলোনা। এর জন্য অনেক ফুটবলবোদ্ধাই বার্সার রক্ষণভাগকে দায়ী করেছিলেন। যদিও মিলানের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে কিছুক্ষণের জন্য মাঠে নেমেছিলেন পুয়োল।
৩৪ মিনিটে বার্সাকে ৩-০ তে এগিয়ে নেন দাভিদ ভিয়া। আবিদালের বাড়িয়ে দেয়া বল ধরে গোলরক্ষক ফার্নান্দেজকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি।
বিরতির আগে আরো দুটো গোল করে স্পেনের চ্যাম্পিয়নরা। এর মধ্যে ৪১ মিনিটের গোলটি ছিলো আত্মঘাতী। নিজেদের সীমানা থেকে আবিদালের লম্বা পাস পেয়ে যান অরক্ষিত ভিয়া। বক্সের সামান্য বাইরে থেকে নেয়া তার শট ঠেকিয়ে দেন ওসাসুনার গোলরক্ষক ফার্নান্দেজ। কিন্তু বলটা ধরে রাখতে পারেননি। বল ওসাসুনার রোভারসিয়োর গায়ে লেগে আশ্রয় নেয় জালে।
এক মিনিট পরই নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি করেন মেসি।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই এই মৌসুমে নিজের প্রথম হ্যাট্রিকের দেখা পেয়ে যাচ্ছিলেন মেসি। কিন্তু আর্জেন্টিনার তারকার শট বারে লেগে ফিরে আসে মাঠে।
তাতে হতাশ না হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে বার্সেলোনা। ৫৭ মিনিটে জাভি ও ৭৬ মিনিটে ভিয়ার লক্ষ্যভেদ ৭-০তে এগিয়েও দেয় তাদের।
তিন মিনিট পর মাঝমাঠ থেকে ফ্যাব্রেগাসের সঙ্গে বল দেয়া-নেয়া করে ওসাসুনার বক্সে ঢুকে পড়েন মেসি। এর পর দারুণ দক্ষতায় বল জালে জড়িয়ে হ্যাট্রিক পূরণ করেন গত দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার।
তিন ম্যাচে দ্বিতীয় জয়ের সুবাদে বার্সেলোনার পয়েন্ট ৭।
দিনের অন্যান্য খেলায় ভ্যালেন্সিয়া ১-০ গোলে স্পোর্টিং গিজনকে এবং গ্রানাডা ভিয়ারিয়ালকে, মালাগা মায়োর্কাকে ও সেভিয়া রিয়াল সোসিয়েদাদকে একই ব্যবধানে হারিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৩৫ ঘ.
bdnews24