ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্পেনের দুই ক্লাব সাফল্য পেলেও বৃহস্পতিবারের রাতটা ভালো কাটেনি ইংল্যান্ডের ক্লাবগুলোর। ইউরোপা লিগের গ্র"প পর্বের উদ্বোধনী দিনে স্পেনের আতলেটিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাও জিতলেও ড্র করেছে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার, ফুলহ্যাম ও স্টোক সিটি। হেরেছে বার্মিংহাম।
দুই নবাগত রাদামেল ফ্যালকাও ও ডিয়েগোর গোলে সেল্টিকের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে আতলেটিকো মাদ্রিদ। গতবার ১৭টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা কলম্বিয়ার আক্রমণভাগের খেলোয়াড় ফ্যালকাও এবারো শুরু করলেন দারুণভাবে। অন্যদিকে অ্যাথলেটিক বিলবাও ২-১ গোলে হারিয়েছে স্লোভান ব্রাতিস্লাভাকে।
টটেনহ্যাম গোলশূন্য ড্র করেছে পিএওকে সালোনিকার সঙ্গে। এফসি টোয়েন্টির সঙ্গে ফুলহ্যাম ও ডায়নামো কিয়েভের সঙ্গে স্টোক সিটির খেলা শেষ হয়েছে ১-১ গোলে। আর ব্রাগার কাছে ১-৩ গোলে হেরে গেছে বার্মিংহাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/টিআর/১৯৪২ ঘ.
bdnews24