ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডেভিড বেকহামকে দলে নিতে আগ্রহী ফরাসী ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির সঙ্গে আগামী নভেম্বরে চুক্তি শেষ হবে ইংল্যান্ডের এই তারকা ফুটবলারের।
পিএসজির ক্রীড়াবিষয়ক পরিচালক লিওনার্দো গত বছর বেকহাম লস অ্যাঞ্জেলস থেকে ধারে এসি মিলানে যোগ দেয়ার সময় মিলানের কোচের দায়িত্বে ছিলেন।
বেকহামের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে বিবিসিকে লিওনার্দো বলেন, "তার জন্য সব সময় আমাদের দরজা খোলা। তিনি ফুটবলারের চেয়েও বড়। বলা যায় তিনি পপ তারকার মতোই জনপ্রিয়। আমি সবসময় তাকে বড় মাপের খেলোয়াড় বলে মনে করি।"
তবে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ক্লাব টটেনহ্যাম হটস্পার আর কুইন্স পার্ক রেঞ্জার্সও ৩৬ বছর বয়সী বেকহ্যামকে দলে নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৪৫ঘ.
bdnews24