ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডেভিস কাপের সেমিফাইনালে শুক্রবার আর্জেন্টিনার মুখোমুখি হতে যাওয়া বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ার সবচেয়ে বড় ভরসা ইউএস ওপেন জয়ী নোভাক জোকোভিচ।
ছেলেদের টেনিসে বিশ্বের শীর্ষ খেলোয়াড় জোকোভিচ উদ্বোধনী খেলায় দাভিদ নালবান্দিয়ানের মুখোমুখি হবেন।
২৯ বছর বয়সী নালবান্দিয়ানের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হলেও জোকোভিচের কাছে তাকে কঠিন পরীক্ষাই দিতে হবে। ২০১১ সালে ৬৪টি জয়ের বিপরীতে মাত্র দু'টো খেলায় হার মেনেছেন জোকোভিচ। তিনটি গ্র্যান্ড স্লামের শিরোপা জয়ের অসামান্য কৃতিত্বও দেখিয়েছেন তিনি।
নালবান্দিয়ানের সঙ্গে মুখোমুখি লড়াইয়েও অনেক এগিয়ে সার্বিয়ার এই তারকা। দু'জনে মুখোমুখি হয়েছেন পাঁচবার। চারবারই জিতেছেন জোকোভিচ। সেই জয় নালবান্দিয়ান পান চার বছর আগে মাদ্রিদে অনুষ্ঠিত এক প্রতিযোগিতায়।
দ্বিতীয় খেলায় ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে ওঠা ইয়াঙ্কো তিপসারেভিচ ২০০৯ ইউএস ওপেনের শিরোপাজয়ী হুয়ান মার্তিন দেল পোত্রোর মুখোমুখি হবেন।
দ্বৈতে শনিবার নেনাদ জিমোনজিচকে সঙ্গে নিয়ে তিপসারেভিচ মুখোমুখি হবেন হুয়ান ইগনাসিও চেলা ও হুয়ান মোনাকোর।
এককের ফিরতি খেলা দু'টো হবে রোববার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/টিআর/২০৩৬ ঘ.
bdnews24