২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল ঘুরে দাঁড়াবে: গ্যাসপেরিনির আশা

ট্রাবজোন্সপোরের কাছে হারার পর তীব্র সমালোচনাই শুধু নয়, ইন্টার মিলান কোচ গিয়ান পিয়েরো গ্যাসপেরিনির প্রশিক্ষণের কায়দা-কানুন নিয়েও চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে কোনো কোনো মহল। কিন্তু তিনি জোর দিয়ে বলছেন, তার দল ঠিকই ঘুড়ে দাঁড়াবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 02:19 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রাবজোন্সপোরের কাছে হারার পর তীব্র সমালোচনাই শুধু নয়, ইন্টার মিলান কোচ গিয়ান পিয়েরো গ্যাসপেরিনির প্রশিক্ষণের কায়দা-কানুন নিয়েও চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে কোনো কোনো মহল। কিন্তু তিনি জোর দিয়ে বলছেন, তার দল ঠিকই ঘুড়ে দাঁড়াবে। চ্যাম্পিয়ন্স লিগ অভিযান ইন্টার শুরু করে ভুল পথে পা ফেলে। নিজেদের মাঠ সান সিরোয় ১-০ গোলে হার মানে ট্রাবজোন্সপোরের কাছে। এ নিয়ে এই মৌসুমে তিনটি প্রতিযোগিতমূলক খেলার তিনটিতেই হার মানলো ইন্টার। ইতালির সুপার কাপে হেরেছে এসি মিলানের কাছে। পালের্মোর কাছে সেরি আয়। এই হারই দলকে উজ্জীবিত করে তুলবে," স্কাই স্পোর্টস ইতালিয়াকে বলেন আশাবাদী গ্যাসপেরিনি, "মৌসুম শুরু হলো মাত্র। সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘুরে দাঁড়ানোর মতো শক্তি ঠিকই ফিরে পাবো।" "কৌশল নিয়ে অনেক কথাই বলা হচ্ছে। এভাবে কথা বলা ফুটবলে নতুন কিছু নয়," ট্রাবজোন্সপোরের সঙ্গে খেলার মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, "পালের্মোর চেয়ে এই খেলায় আমরা ভালো খেলেছি। কিন্তু ফলাফল আমাদের পক্ষে আসেনি।" গ্যাসপেরিনি ৩-৪-৩ পদ্ধতি খেলতে ভালোবাসেন। কিন্তু তার এই কৌশলের খোলামেলা সমালোচনা করেন ইন্টার সভাপতি ম্যাসিমো মোরাত্তি। ট্রাবজোন্সপোরের বিপক্ষে অবশ্য এই কৌশল থেকে সরে আসেন গ্যাসপেরিনি। রক্ষণভাগে খেলান চারজনকে। কিন্তু সাবেক জেনোয়া কোচ বলছেন, ক্লাব সভাপতির সমালোচনার মুখে রক্ষণভাগে চারজনকে খেলাননি তিনি। বরং এ ব্যাপারে পুরো সিদ্ধান্তই তার। গ্যাসপেরিনি বলেন,"আমার দিকে মোরাত্তির সমর্থনের সব সময় হাত বাড়ানোই থাকে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৫৯ ঘ.