ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো জাগরেবের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় মেনে নিতে পারেননি প্রতিপক্ষের সমর্থকরা। তাই রীতিমতো বিরূপ অভ্যর্থনার মুখোমুখি হতে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু পর্তূগাল তারকার ধারণা, ধনী, সুদর্শন ও অসাধারণ খেলোয়াড় বলেই জাগরেবের সমর্থকরা তাকে পছন্দ করতে পারেননি।
বুধবার ওই খেলায় ১-০ গোলে জেতে রিয়াল।
দুই বছর আগে সবচেয়ে বেশি অর্থের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া রোনালদোকে দুয়ো ধ্বনী শুনতে হয় 'ডি' গ্র"পের উদ্বোধনী খেলায়। শুধু তাই নয়, ডায়নামোর মাঠে অনুষ্ঠিত খেলায় বেশ কয়েকবার মারাত্মক ফাউলেরও শিকার হন তিনি। একবার তো ডান গোড়ালি কেটে রক্ত বের হওয়ায় কয়েকটি শেলাইয়েরও প্রয়োজন হয়।
রেফারি সোয়েইন ওদভার মোয়েনের খেলা পরিচালনা নিয়েও অসন্তুষ্ট ২৬ বছর বয়সী রোনালদো। রেফারির সমালোচনা করে তিনি বলেন, "তিন পয়েন্ট পাওয়ায় আমরা খুশি। কিন্তু তার খেলা পরিচালনা আমাকে মোটেই সন্তুষ্ট করতে পারেনি। আশা করি এই রেফারির অধীনে আমাদের আর কখনো খেলতে হবে না।"
ডায়নামোর সমর্থকদের আচরণেও ভীষণ ক্ষুব্ধ রোনালদো। তারা বার বার বার্সেলোনা তারকা লিওনেল মেসির নাম উচ্চারণ করে রোনালদোকে উত্ত্যক্ত করছিল। প্রতিপক্ষ দলের সমর্থকদের এমন বিরূপ আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, "আমি ধনী, সুদর্শন আর অসাধারণ খেলোয়াড় বলেই তারা আমাকে ঈর্ষা করছে। এছাড়া আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/টিআর/১৮৫৯ ঘ.
bdnews24