ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গোল করতে পারেনি কোনো দলই।
বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) আর্জেন্টিনার কর্দোবায় অনুষ্ঠিত খেলায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ দল সাজিয়েছিল ঘরোয়া লিগের ফুটবলারদের নিয়ে।
আগামী ৭ অক্টোবর বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও চার দিন পর ভেনিজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্রাজিলের সঙ্গে খেলাটিকে ঐ দুই ম্যাচের প্রস্তুতি হিসেবে নিয়েছেন বলেই কয়েকজন তরুণ খেলোয়াড়কে দলে রাখার সুযোগ হাতছাড়া করেননি আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া।
২০১৪ বিশ্বকাপের স্বাগতিক দেশ হওয়ায় ব্রাজিলকে অবশ্য বাছাইপর্ব খেলতে হবে না। ব্রাজিলের কোচ মানো মেনেজেস তার দলের আক্রমণভাগ সাজান ৩১ বছর বয়সী রোনালদিনহো ও ১৯ বছর বয়সী নেইমারকে দিয়ে।
প্রথমার্ধে বেশ কয়েকবার গোল করার সুযোগ পায় আর্জেন্টিনা। ১৬ মিনিটের মধ্যে আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেসের খেলোয়াড় মাউরো বোসেলি একাই তিনটি সুযোগ নষ্ট করেন।
প্রথমার্ধে ভালো খেলতে না পারলেও বিরতির পর জ্বলে ওঠে ব্রাজিল। কিন্তু ৭৭ মিনিটে দামিয়াওয়ের শট ক্রসবারে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪ মিনিট পর রোনালদিনহোর ফ্রিকিকও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
তারপরও নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট রোনালদিনহো বলেন, "আমি খুশি। আমরা একসঙ্গে খুব কম সময়ই খেলতে পেরেছি। এ কথা বিবেচনায় নিলে বলতেই হবে আমরা ভালো খেলেছি।"
২৮ সেপ্টেম্বর আবার মুখোমুখি হবে দল দু'টি। খেলা হবে ব্রাজিলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/টিআর/১৭৪৭ ঘ.
bdnews24