ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেন জেতার মধ্য দিয়ে নোভাক জকোভিচ আরেকটি রেকর্ড করে ফেলেছেন। ২০১১ সালে এ পর্যন্ত আর্থিক পুরস্কার হিসেবে তার পকেটে ঢুকেছে ১০.৬ মিলিয়ন ডলার।
বছরের চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে তিনটিই নিজের করে নিয়েছেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার জকোভিচ। ৬৬ ম্যাচের মধ্যে জিতেছেন ৬৪টিতে।
আয়ের দিক থেকে ২০১০ সালে স্পেনের রাফায়েল নাদাল ও চার বছর আগে সুইজারল্যান্ডের রজার ফেদেরার ছিলেন তার কাছাকাছি। তবে দু'জনেরই ছিল ১০.২ মিলিয়ন ডলারের কম।
সোমবার ইউএস ওপেনের চূড়ান্ত খেলায় নাদালকে হারিয়ে আর্থিক পুরস্কার হিসেবে জকোভিচ জিতে নেন ২.৩ মিলিয়ন ডলার।
এনবিসি টেলিভিশনের একটি অনুষ্ঠানে জকোভিচ বলেন, "স্বপ্নের মতো একটা বছর কাটছে আমার। প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করছি।"
"কঠিন প্রতিপক্ষের বিপক্ষে জয়ের স্বাদটাই আলাদা। নিঃসন্দেহে একটু বেশি মিষ্টি," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২১০৬ ঘ.
bdnews24