ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা 'ফেভারিট' নয় বলে ঘোষণা করলেন কোচ পেপ গার্দিওলা। আসলে মাঠে তো বটেই, মাঠের বাইরেও কম কৌশলী নন তিনি। তাই অনেকেই বলছেন, চাপ কমাতে এটা বুদ্ধিমান গার্দিওলার একটা নতুন কৌশল।
নিজেদের মাঠে মঙ্গলবার এসি মিলানের বিপক্ষে গ্র"প পর্বের ম্যাচ দিয়ে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু হতে হচ্ছে।
বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা ওয়েম্বলিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ঘরে তোলে। খেলা হয়েছিল ২৮ মে।
স্পেনে এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, "যখন আমরা রোমে জিতেছিলাম তখনো আমি একই কথাই বলেছিলাম। কারণ গত ২০ বছরে কোনো দলই টানা দু'বার শিরোপা জিততে পারেনি।"
"এসি মিলান জিতেছিল, ১৯৮৮-৮৯ ও ১৯৮৯-৯০ মৌসুমে। এতেই বোঝা যায় প্রতিযোগিতাটি কতো কঠিন," যোগ করেন তিনি।
তবে শিরোপা জিততে তার দল জানবাজি রেখে খেলবে বলে সরাসরি জানালেন বার্সা কোচ, "গত তিন বছরে আমরা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দু'বার জিতেছি। এছাড়া একবার সেমিফাইনালে খেলেছি।"
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-২ গোলে ড্র সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "আগের খেলায় জিতেছি না হেরেছি, তা মাথায় রাখতে চাই না। কেননা তা আগামী খেলার জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।"
হার-জিতকে খেলার অংশ বলেই মনে করেন গার্দিওলা।
এসি মিলানের হয়ে ইব্রাহিমোভিচকে খেলতে পারছেন না। এ ব্যাপারে তার মতামত জানতে চাওয়া হলে বার্সা কোচ বলেন, এ কথা শুনে আমি দুঃখ পেয়েছি। তিনি আসলেই একজন ভালো খেলোয়াড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯১৫ ঘ.
bdnews24