ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলার সময় অশোভন আচরণ করায় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের দুই হাজার ডলার জরিমানা করা হয়েছে।
প্রতিযোগিতার রেফারি ব্রায়ান আর্লি সোমবার এই নির্দেশ দেন।
অস্ট্রেলিয়ার সামান্তা স্টোসুরের বিপক্ষে ফ্লাশিং মিডোতে রোববার মেয়েদের এককের চূড়ান্ত খেলার সময় মেজাজ হারিয়ে অশোভন আচরণ করেন সেরেনা। সে সময় চেয়ার আম্পায়ার ইভা আসদেরাকি সেরেনাকে সতর্ক করতে গেলে তাকেও কড়া কথা শুনিয়ে দেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। তাৎক্ষণিক শাস্তি স্বরূপ এক পয়েন্ট কেটে নেয় হয় তার।
শেষ পর্যন্ত খেলায় ৬-২ ও ৬-৩ গেমে হারেন ১৩টি গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা।
২০০৯ সালের ইউএস ওপেনে কিম ক্লাইস্টার্সের বিপক্ষে সেমিফাইনাল খেলার সময় একই ধরনের আচরণ করেছিলেন সেরেনা। তখনো জরিমানা গুনতে হয় তাকে।
ইউএস ওপেন থেকে এবার ১.৪ মিলিয়ন ডলার আয় হয়েছে সেরেনার। এর মধ্যে রানার-আপ হওয়ায় পেয়েছেন নয় লাখ। আর পাঁচ লাখ ডলার পান ভালো খেলার জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮০৭ ঘ.
bdnews24