ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বছরের শেষ গ্র্যান্ড স্লামও জিতে নিয়েছেন সার্বিয়ার নোভাক জকোভিচ। সেই সঙ্গে নিজের করে নিলেন তিনি বছরটা।
ইউএস ওপেনের চূড়ান্ত খেলায় সোমবার রাতে ৬-২, ৬-৩, ৬-৭ ও ৬-১ গেমে হারান তিনি স্পেনের রাফায়েল নাদালকে।
এ বছর ছয়বার মুখোমুখি হন জকোভিচ ও নাদাল। জয়ের মুখ একবারও দেখেননি নাদাল। আর এ বছর জকোভিচ জিতেছেন ৬৪ খেলায়। হেরেছেন মাত্র ২টিতে। জিতেছেন ছোট-বড় মিলে ১০টি শিরোপা।
আর্থার অ্যাশে খেলায় ছিল তীব্র উত্তেজনা। প্রথম দুই সেটে ০-২ পয়েন্টে এগিয়েও গিয়েছিলেন সাবেক শীর্ষ খেলোয়াড় নাদাল। টাইব্রেকারে জিতে নেন তৃতীয় সেট।
খেলা শেষে নাদাল বলেন, "আমি হাতাশ। কিন্তু করার কিছু নেই। সত্যি বলতে কি-এই মানুষটা (জকোভিচ) অবিশ্বাস্য সব কাণ্ড ঘটিয়ে চলেছেন।"
এ বছর জকোভিচ যেভাবে খেলেছেন তার পুনরাবৃত্তি আর ঘটবে না বলেই মনে করেন নাদাল। জকোভিচও মানছেন বছরটা তার মনের মতো কেটেছে। এভাবেই খেলে যেতে চান তিনি।
জকোভিচ ২০১১ সাল শুরু করেন নামের পাশে মাত্র একটি গ্র্যান্ড স্লাম শিরোপা (২০০৮ অস্ট্রেলিয়ান ওপেন) নিয়ে। প্রতিযোগিতায় সেমিফাইনালে হারান তিনি ফেদেরারকে। ফাইনালে অ্যান্ডি মারেকে।
এরপর মাঠে নামা মানেই জকোভিচের জয়। হারের মুখ দেখেননি একটানা ৪৪ খেলায়। র্যাঙ্কিংয়েও ফেদেরারকে পেছনে ফেলে এগিয়ে যান তিনি। দখল করেন দ্বিতীয় স্থান।
জকোভিচের জয়ের ধারায় ছন্দ-পতন ঘটে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। ম্যরাথন লড়াইয়ের পর তাকে হার মানতে হয় ফেদেরারের কাছে।
উইম্বলডনে আবারো জয়ের ছন্দ খুঁজে পান জকোভিচ। নাদালের কাছ থেকে শিরোপা ছিনিয়ে নেয়ার পাশাপাশি পৌঁছে যান র্যাঙ্কিংয়ের শীর্ষে।
মেয়েদের এককে রোববার চূড়ান্ত খেলায় যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শিরোপা জেতেন অস্ট্রেলিয়ার সামান্তা স্টোসুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭০৭ ঘ.
bdnews24