ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১১ আয়োজনে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় ও বাফুফের যৌথ আয়োজনে সারা দেশে এ ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং জাতীয় স্কুল ফুটবল কমিটির সভাপতি ও এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান স্ব স্ব পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
মাহফুজুর রহমান জানান, আগামি অক্টোবরের মাঝামাঝি টুর্নামেন্ট শুরু হবে। এতে দেশের প্রতি উপজেলার ১০টি করে মোট চার হাজার আটশ মাধ্যমিক বিদ্যালয় অংশ নেবে।
টুর্নামেন্টে ৫ কোটি টাকা ব্যয় হবে জানিয়ে তিনি বলেন, এখান থেকে নির্বাচিত একশ সেরা খেলোয়াড়কে দেশি-বিদেশি কোচের অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, একটি সুস্থ-সবল মেধাবী জাতি গঠনে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বাফুফের কর্মকর্তারা জানান, টুর্নামেন্ট পরিচালনার জন্য বাফুফে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-অধিদপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সাংগঠনিক কমিটি গঠন করবে। এ সাংগঠনিক কমিটি জেলা ও উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠন করবে।
খেলা পরিচালনার জন্য উপবিধি প্রণয়ন, পৃষ্ঠপোষক ও মিডিয়া পার্টনার সংগ্রহ, খেলোয়াড়দের পোশাকসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবারহ এবং জেলা-উপজেলা পর্যায়ে প্রশাসন, স্থানীয় ক্লাব ও সংগঠনগুলোকে সম্পৃক্ত করবে বাফুফে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয় এ টুর্নামেন্ট বাস্তবায়ন এবং এতে দেশের সব স্কুলের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি পরিপত্র জারী করবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাফুফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফাহিমা খাতুন, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাবেক ফুটবল তারকা শেখ মো. আসলাম, কায়সার হামিদসহ শিক্ষা মন্ত্রণলায় ও বাফুফের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৯১৯ঘ
bdnews24