ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশলে ইয়ংয়ে মুগ্ধ ইংল্যান্ডের কোচ ফ্যাবিও কাপেলো। ম্যানচেস্টার ইউনাাইডে যোগ দেয়ার পর থেকে ইয়ং ক্রমশ উন্নতি করছেন বলে মনে করেন তিনি।
সানডে মিররকে কাপেলো বলেন, "ইয়ং এখন একটি গুরুত্বপূর্ণ দলের সদস্য এবং তিনি ক্রমশ উন্নতি করছেন।"
ওল্ড ট্র্যাফোর্ডে দারুণ শুরু হয়েছে ইয়ংয়ের। ম্যান ইউ'র এই উইঙ্গার এরই মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন দুই গোল। আর বানিয়ে দিয়েছেন আরো চারটি।
ক্লাব ফুটবলের তার এই ফর্মের অনুবাদ দেখেছে জাতীয় দলও। ২৬ বছর বয়সী তারকা ইউরো ২০১২ সালের বাছাই পর্বের ম্যাচে ওয়েলেসের বিপক্ষে দলের পক্ষে একমাত্র গোলটি করেন। ওই জয়ের ফলে ইউরোর চূড়ান্ত পর্বের খুব কাছে চলে এসেছে ইংল্যান্ড।
২০১০ সালের বিশ্বকাপের ৩০ সদস্যের প্রাথমিক দলে ছিলেন অ্যাস্টন ভিলার সাবেক খেলোয়াড়। কিন্তু বাদ পড়ে যান দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চূড়ান্ত দল থেকে।
এখন ভাগ্যদেবী যেন তাকিয়ে আছেন ইয়ং এর দিকে। ক্লাব ও জাতীয় দলের হয়ে তার এই ভালো খেলার পেছনে অবশ্য ভাগ্যদেবী নয় আত্মবিশ্বাসকেই মূল কারণ বলছেন কাপেলো।
তিনি বলেন, "আত্মবিশ্বাসই কারণ। যখন তুমি খুব গুরুত্বপূর্ণ একটা দলের হয়ে খেলবে তখন উন্নতি হবেই।"
"দলের সতীর্থদের মান এর একটা বড় কারণ। সেখানে রুনির ঠিক পেছনে দ্বিতীয় একজন স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন তিনি। তিনি লেফট-উইঙ্গার হিসেবে দীর্ঘ দিন খেলছেন। তার কৌশল ভালো, দ্রুত দৌঁড়াতে এবং পরিস্কার চিন্তা করতে পারেন। সবচেয়ে বড় কথা গোল করতে পারেন এবং তা দুই পায়েই," যোগ করেন কাপোলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১১৫ ঘ.
bdnews24