ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন স্টেডিয়ামে নতুন মৌসুমে স্বপ্নের মতো শুরু করেছে জুভেন্টাস।
সেরি আ'র খেলায় শনিবার ১০ জনের দল নিয়েও তারা পার্মাকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
দলে নতুন আসা আন্দ্রে পিরলো আলো ছড়িয়েছেন প্রথম ম্যাচেই। ১৬ মিনিটের মাথায় দলকে প্রথম গোলের ক্ষেত্র তৈরি করে দেন তিনিই। তার কাছ থেকে বল পেয়ে গোল করতে কোনো ভুল করেন নি স্টেফান লিকস্টেইনার।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে জুভেন্টাস।
দ্বিতীয়ার্ধে আরো ধারাল হয়ে উঠে জুভেন্টাসের আক্রমণ। ৫৮ মিনিটের মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সিমন পেপে। এই গোলের উৎস ছিলেন দলনায়ক আলসান্দ্রো দেল পিয়েরো।
দলে নতুন যোগ আর্তরো ভিদাল ৭৩ মিনিটে ও ক্লাদিও মারচিসিয়ো ৮৩ মিনিটের মাথায় গোল করে দলকে ৪-০ ব্যবধানে এগিয়ে নেন।
জুভেন্টাসের রক্ষণভাগের খেলোয়াড় পাওলো ডি কেগলি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে পার্মা।
অবশ্য তার পরও আরো বড় ব্যবধানে জিততে পারতো জুভেন্টাস। যদি রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ৩৯ মিনিটের মাথায় আলেসান্দ্রো মাত্রির গোল বাতিল না হত।
সাবেক খেলোয়াড় অ্যান্তোনিয়ো কন্তের অভিষেক আরো মধুর হতে পারতো ৫৫ মিনিটের মাথায় একটি মাত্রির একটি হেড বারে লেগে ফিরে না এলে।
গত বছর সেরি-আ'তে সপ্তম হওয়ায় ইউরোপের লিগে জায়গা হয়নি জুভেন্টাসের। এবার লিগের প্রথম তিনে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে চায় তারা।
এর আগে এই মাঠে প্রীতি ম্যাচ খেললেও নতুন মাঠে এটাই তাদের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। জুভেন্টাস নতুন মাঠের কোনো নাম দেয়নি এখনো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০৩৫ ঘ.
bdnews24