ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেরি আ'র এবারের মৌসুমের উদ্বোধনী খেলায় শুক্রবার এগিয়ে থেকেও বর্তমান চ্যাম্পিয়ন এসি মিলানের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে লাজিও।
চারটি গোলই হয়েছে প্রথমার্ধে।
খেলোয়াড়দের ধর্মঘটের কারণে নির্ধারিত সময়ের দুই সপ্তাহ পর সেরি আ'র এবারের মৌসুম শুরু হলো।
সান সিরিও'র দর্শকদের নিস্তব্ধ করে দিয়ে খেলার ১২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন এই মৌসুমে বায়ার্ন মিউনিখ ছেড়ে লাজিওতে যোগ দেয়া জার্মানির 'স্ট্রাইকার' মিরোস্লাভ ক্লোজা। ২১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন জিব্রিল কিসে।
তবে বেশিক্ষণ এই ব্যবধান ধরে রাখতে পারেনি রোমের ক্লাবটি। ২৯ মিনিটে জিলাতান ইব্রাহিমোভিচ ও ৩৩ মিনিটে অ্যান্টোনিও কাসানো গোল করে মিলানকে সমতায় ফেরান।
বাকি সময়ে উভয় দলই গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও কেউই আর সফল হতে পারেনি। শেষ পর্যন্ত অমীমাংসিতই থাকে ম্যাচের ফল।
খেলা শেষে বেশ হতাশ দেখাচ্ছিলো লাজিওর খেলোয়াড়দের। দুই গোলের যোগানদাতা স্তেফানো মাউরি বলেন, "আমরা তাদের সঙ্গে খেলেছি। হয়তো এর থেকে ভালো কিছু আমরা করতে পরতাম কিন্তু সান সিরেওতে এক পয়েন্ট পাওয়াটাও খারাপ না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯৫৮ ঘ.
bdnews24