২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটির নেতৃত্ব হারালেন তেভেজ

কার্লোস তেভেজ নয়, এবারের মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির অধিনায়কের 'আর্মব্যান্ড' পরবেন ভিনসেন্ট কম্পানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজ নয়, এবারের মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির অধিনায়কের 'আর্মব্যান্ড' পরবেন ভিনসেন্ট কম্পানি। যদিও গত মৌসুমে অধিনায়ক হিসেবে দলকে এফএ কাপ শিরোপা এনে দেন তেভেজ। প্রায় ৩৫ বছর পর কোনো শিরোপা জেতে ম্যান সিটি। গত দুই মৌসুমে ম্যান সিটির সর্বোচ্চ গোলদাতা তেভেজ। সামনে থেকে নেতৃত্ব দিয়েই তিনি দলকে প্রথমবারের মত নিয়ে গেছেন চ্যাম্পিয়ন্স লিগের আসরে। তারপরও এই আর্জেন্টাইনকে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার কারণ অবশ্য তার পারফমেন্স নয়। দুই মেয়েকে আরো বেশি সময় দেয়ার জন্য পরিবারের কাছাকাছি থাকার ইচ্ছার কথা গত মৌসুমের মাঝামাঝি থেকেই খোলাখুলি ভাবে বলতে শুরু করেন তেভেজ। এজন্য তিনি ইংল্যান্ড ছাড়তে চান বলেও জানান। তাকে ছাড়তে রাজি হয়েছিলো ম্যান সিটিও। ব্রাজিলের একটি ক্লাবের সঙ্গে তেভেজকে নিয়ে ম্যান সিটির আলোচনাও প্রায় চূড়ান্ত হয়ে যাচ্ছিলো। কিন্তু বাদ সাধে তেভেজের উচ্চ মূল্য। ম্যান সিটি তেভেজের যে দাম হাঁকিয়ে ছিলো তা দিতে রাজি হয়নি ব্রাজিলের ক্লাবটি। ফলে শেষ পর্যন্ত ম্যান সিটিতেই থেকে যেতে হয় তেভেজকে। যদিও এই মৌসুমের শুরুতে তার পরিবারকে ইংল্যান্ডে উড়িয়ে আনা হয়েছে। কিন্তু এবারের মৌসুমে ম্যান সিটির প্রথম তিনটি ম্যাচে প্রথম একাদশে জায়গা হয়নি তেভেজের। ম্যান সিটি কোচ রবার্তো মানচিনি বলেন, "আমাদের অধিনায়ক ভিনসেন্ট কম্পানি। এর কারণও খুবই সাধারণ। তেভেজকে নিজের ইচ্ছার বিরুদ্ধে সিটিতে ফিরতে হয়েছে।" "আমি তার ক্লাব ছাড়ার কারণকে সম্মান করি। কিন্তু কার্লোস এখন এখানে। আমরা তাকে নিয়ে কোনো সমাধানে আসতে পারিনি। তিনি আমাদের দলের সেরা খেলোয়াড়দের একজন, বছরে গড়ে তিনি ২০টির বেশি গোল করেন। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি ভিনিই (ভিনসেন্ট কম্পানি) এই গ্রীষ্মে দলের নেতৃত্ব দেবে," যোগ করেন মানচিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২১০০ ঘ.