ঢাকা, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একাদশ বাছাই ফ্রান্সের জো উইলফ্রেড সোঙ্গাকে ৬-৪, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়ে ইউএস ওপেনের শেষ চারে পৌছেছেন রজার ফেদেরার। সেমিফাইনালে তার প্রতিপক্ষ বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নোভাক জকোভিচ।
বৃষ্টি-বিঘিœত বৃহস্পতিবারের কোয়ার্টার ফাইনালে এক অর্থে প্রতিশোধই নিলেন ফেদেরার। এবারের উইম্বলডনে সোঙ্গার কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল সুইজারল্যান্ডের এই খেলোয়াড়কে। ইউএস ওপেনেও ফেদেরারের অনেক ভক্তের মনে উঁকি দিয়েছিল সেই ভয়। কিসের কি! সুইজারল্যান্ডের রাজা ফ্রান্সের অধিপতিকে দাঁড়াতেই দিলেন না।
উইম্বলডনের সেই খেলায় প্রথম দুটি সেট জিতেও হার মানতে হয়েছিল ফেদেরারকে। ইউএস ওপেনও যেন এগোচ্ছিল সেই পথে! সহজে প্রথম দুই সেট জয়ের পর তৃতীয় সেটের ফলাফল এক সময় দাঁড়ায় ২-২। এরই ব্রেক পয়েন্ট যায় সোঙ্গার পক্ষে। তবে সেই ব্রেক পয়েন্ট রুখে এবং সোঙ্গার 'ডাবল ফল্ট'র সুবিধা নিয়ে সহজেই তৃতীয় সেট জিতে শেষ চারে পা রাখেন ফেদেরার।
খেলা শেষে ফেদেরার জানালেন তার মনেও ঘুরপাক খাচ্ছিল উইম্বলডনের সেই ম্যাচের প্রতিচ্ছবি, "হ্যা, এটা সত্যি। উইম্বলডনের ম্যাচটার কথা মনে পড়ছিল। বিশেষ করে, তৃতীয় সেটে তিনি (সোঙ্গা) যখন ব্রেক পয়েন্ট পেলেন। অনেকেই ভাবছিলেন উইম্বলডনের ম্যাচটাই ফিরে এলো নাকি! "
তবে শেষ হাসিটা ফেদেরারই হাসলেন, "কিন্তু এবার আর আমি ভুল করিনি। ম্যাচটা জিতেছি।"
এ বছর খেলা ৬৪ ম্যাচের মধ্যে মাত্র দু'টিতে হেরেছেন জকোভিচ। এমন ভয়ঙ্কর প্রতিপক্ষ সামনে হাজির শেষ চারের লড়াইয়েও। ফেদেরারও মানছেন চলতি বছরে ৯টি শিরোপা জেতা জকোভিচের সঙ্গে খেলা বেশ কঠিন। তবে চ্যালেঞ্জটা নিতে যে মুখিয়ে আছেন তিনি তা জানাতে ভুললেন না, "দারুণ একটা মৌসুম পার করছেন জকোভিচ। তিনিই এখন আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর চ্যালেঞ্জটা আমি গ্রহণ করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৪৪ ঘ.
bdnews24