ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলবদলের পুরোটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড ছুটেছে ওয়েসলি স্নেইডারের পেছনে। শেষ অবধি ইন্টার মিলানের খেলা গড়ার এই কারিগরকে দলে টানেনি তারা। সেরি আ'তে নতুন মৌসুম শুরু করতে যাওয়া স্নেইডারের মনে হয়েছে, ম্যান ইউ প্রকৃত অর্থে কখনোই তাকে নিতে চায়নি।
নেদারল্যান্ডসের ২৭ বছর বয়সী এই খেলোয়াড় ধরেই নিয়েছিলেন, ইংল্যান্ডে নতুন জীবন শুরু হতে যাচ্ছে। সব কিছুই ঠিকঠাক চলছিল। দলবদলের শেষ ২৪ ঘন্টায় যখন সব সংবাদ মাধ্যম ধরেই নিয়েছিল, স্নেইডারের সান সিরো ছেড়ে ম্যানচেষ্টারে পাড়ি জমানো শুধু সময়ের ব্যাপার মাত্র তখনই বোমাটা ফাটালেন স্যার অ্যালেক্স ফার্গুসন। জানিয়ে দিলেন, "স্নেইডার সেই খেলোয়াড় নন, যাকে আমরা খুঁজছি।"
একটি ক্রীড়া পত্রিকাকে স্নেইডার বলেন, "ইউনাইটেড? আমি তো প্রায় যোগই দিয়ে ফেলেছিলাম। অন্য কোথাও যাওয়ারও চিন্তা করিনি। কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হলো না।"
তবে বর্তমান অবস্থায় বেশ ভালোই আছেন বলে জানান তিনি, "এখন ইন্টারে বেশ আছি। সভাপতি মাসিমো মোরাত্তি আমাকে বিক্রি করতে চাইছেন না।"
হতাশ স্বরে এরপর আসল কথাটা বলেই ফেলেন তিনি, "আমি সত্যি জানি না কি হয়েছিল। কেন তারা (ম্যান ইউ) আমাকে নেয়নি। আমার মনে হয় কি জানেন? তারা কখনোই আমাকে নিতে চায়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৪০ ঘ.
bdnews24