২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আমাকে বাতিলের খাতায় ফেললে ভুল হবে'

চেলসির মাঝমাঠের সৃজনশীল খেলোয়াড় তিনি। ইংল্যান্ড জাতীয় দলেও তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে হঠাৎ পরিস্থিতি প্রতিকূলে চলে গেছে, বন্ধ হয়ে গেছে জাতীয় দলের হয়ে খেলার পথ। তাই খেপেচেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। বলেছেন, তাকে বাতিলের খাতায় ফেললে ভুল হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চেলসির মাঝমাঠের সৃজনশীল খেলোয়াড় তিনি। ইংল্যান্ড জাতীয় দলেও তার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তবে হঠাৎ পরিস্থিতি প্রতিকূলে চলে গেছে, বন্ধ হয়ে গেছে জাতীয় দলের হয়ে খেলার পথ। তাই খেপেচেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। বলেছেন, তাকে বাতিলের খাতায় ফেললে ভুল হবে। চেলসিতে কোনো সমস্যা নেই। ব্লুজদের মূল খেলোয়াড় এখনো ল্যাম্পার্ড। ১০ বছরে চেলসির হয়ে খেলা ৫১২ ম্যাচ সে কথায়ই বলছে। জাতীয় দলে ১৯৯৯ সালে অভিষেকের পর এ পর্যন্ত মাঠে নেমেছেন ৮৮ বার। এইতো, চলতি বছরের ২ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে ইউরোর বাছাই পর্বের খেলাতেও ইংল্যান্ডের মূল একাদশে ছিলেন তিনি। ২-০ গোলে জেতা সেই খেলায় একটি গোলও এসেছে তার পা থেকে। তিন দিন পরই দৃশ্যপটের পরিবর্তন। মূল একাদশ তো দূরের কথা, কোচ ফ্যাবিও ক্যাপেলোর বদলি একাদশেও জায়গা হলো না ইংল্যান্ডের অনেক জয়ের রূপকার ল্যাম্পার্ডের। আর ল্যাম্পার্ডবিহীন ইংল্যান্ড খোঁড়াতে খোঁড়াতে ১-০ গোলে হারালো ওয়েলসকে। সেই ম্যাচ নিয়ে কোনো কিছু না বললেও ল্যাম্পার্ড দ্য মিররকে জানিয়েছেন, নিন্দুকের মুখ বন্ধ করতে তার ভালো লাগে। ল্যাম্পার্ড বলেন, "এমন পরিস্থিতিতে আগেও পড়েছিলাম। যখন আমার বয়স ২৫/২৬, তখন একটি মৌসুমের শুরুতে আমার গতি ছিল মন্থর। সে কারণে সবাই বলছিল, আমি নাকি পুরনো হয়ে গেছি।" "এটাই তো খেলা। তখন এসব বিষয়কে আমি অন্যভাবে দেখতাম। এখন বুঝতে পারি কি হতে যাচ্ছে। এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য সপ্তাহের পর সপ্তাহ চেলসির হয়ে খেলে যাওয়া," যোগ করেন ল্যাম্পার্ড। বয়সকে হার মানানো কোনো ব্যাপারই না ল্যাম্পার্ডের কাছে। ৩৩ বছর বয়সী এই ফুটবলার খেলেই নিন্দুকদের মুখ বন্ধ করতে চান, "আমার বয়স নিয়ে মানুষ অনেক কথাই বলবে। ফুটবলে এটাই সবচেয়ে মজার ব্যাপার যে আপনি খেলে সবাইকে ভুল প্রমাণ করতে পারবেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮৫২ ঘ.