ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিনেদান জিদানের ছেলে এনজো জিদানকে 'সিনিয়র' দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ দিলেন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো।
রিয়ালের ওয়েবসাইটে এ কথা নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার ভালদেবেবাস প্রশিক্ষণ কেন্দ্রে অনুশীলনে নামে রিয়াল মাদ্রিদ। ১৬ বছর বয়সী এনজো মাঠে ঠিক তার বাবার জায়গায় (মধ্যমাঠ) খেলে থাকেন। ক্রিস্টিয়ানো রোনালদো, মেসুত ওজিল, কাকা ও জাভি আলোনসোদের ভীড়ে এনজোর জায়গা হলো ওই মাঝমাঠেই। মাঠের সাইড লাইনের বাইরে দাঁড়িয়ে ছেলের প্রতিভা দেখেন বাবা জিদান ও রিয়াল কোচ।
বর্তমানে রিয়ালের একজন পরিচালক হিসেবে কাজ করছেন ফ্রান্সের জীবন্ত-কিংবদন্তী জিদান।
এনজো সম্পর্কে রিয়ালের সাবেক পরিচালক জর্জ ভালদানো বলেছিলেন, "মাঠে সে যেন ঠিক তার বাবারই প্রতিচ্ছবি।"
'জুনিয়র' জিদান তার বাবার মতো রিয়ালের মূল দলে খেলতে পারবেন কি না সেটা পরের বিষয়। আপাতত রিয়ালের যুব দলের খেলোয়াড় এনজোর জন্য বিশ্বের অন্যতম সেরা দলটির মূল অনুশীলন পর্বে অংশ নিতে পারা নিঃসন্দেহে অনেক বড় অর্জন।
রিয়ালের ইতিহাস বলছে, গত কয়েক বছরে খুব কম খেলোয়াড়ই যুব থেকে মূল দলে জায়গা পেয়েছেন। এর মধ্যে ব্যতিক্রম গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। মূল দলে জায়গাই শুধু পাকা করেননি তিনি, অধিনায়কের বাহু বন্ধনীও পড়ে আছেন তিনি।
'ছোট' জিদান কি পারবেন ক্যাসিয়াসের পথ অনুসরণ করতে?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮৩৪ ঘ.
bdnews24