ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়কের বাহুবন্ধনী এখন তার হাতে। দলকে নেতৃত্ব দিয়ে নাইজেরিয়ার বিপক্ষে প্রদর্শনী খেলায় ৩-১ গোলের জয় এনে দিলেন আর্জেন্টিনাকে। স্বাভাবিকভাবেই খেলা শেষে অধিনায়ক লিওনেল মেসি খুবই উচ্ছ্বসিত।
গত জুনে নাইজেরিয়ার কাছে ৪-১ গোলে হারার তিক্ত স্বাদ নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। দক্ষিণ আমেরিকার দেশটির বিপক্ষে আফ্রিকার দেশটির এটাই একমাত্র জয়। বাংলাদেশে হওয়া ম্যাচটি তাই এক অর্থে প্রতিশোধের ম্যাচ ছিল আর্জেন্টিনার কাছে। আর আর্জেন্টিনার হয়ে বেশিরভাগ সময়ের 'মিয়ম্রান' খেলোয়াড় মেসির জন্য ছিল 'ও শুধুই বার্সেলোনার মেসি' জাতীয় বাক্যের সুন্দর পরিসমাপ্তি ঘটিয়ে দেশের হয়ে নিজের সেরাটা ফুটবলামোদী ও দর্শকদের উপহার দেয়া।
গোল পেয়েছেন গঞ্জালো হিগুয়েন ও অ্যাঞ্জেল ডি মারিয়া। গোল না পেলেও প্রথম দু'টো গোলের কারিগর ওই মেসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামও দেখলো বিশ্বের সেরা খেলোয়াড়ের পায়ের দুর্দান্ত কাজ। তৃতীয় গোলটি পায় নাইজেরিয়ার খেলোয়াড়ের বদান্যতায়। খেলায় আর্জেন্টিনা জেতে ৩-১ গোলে।
"জয় সব সময় আনন্দের। এর ফলে সুন্দর একটা অনুভূতির সৃষ্টি হয়, "খেলা শেষে গোল ডটকমকে বলেন মেসি।
মাঠ আর আবহাওয়া অনুকূলে না থাকলেও আর্জেন্টিনা তাদের সহজাত ফুটবল খেলেছে বলে জানান বার্সেলোনার এ খেলোয়াড়, "আমরা সুযোগ তৈরি করেছি। মাঠের পরিবেশ ও প্রচণ্ড গরমকে বিবেচনায় নিলে বলতেই হবে আমরা বেশ ভালো খেলেছি। আর সবচেয়ে বড় বিষয় হলো আমরা জিতেছি। জয়ের এই ধারা বজায় রাখতে হবে।"
মেসিকে লক্ষ্য করে নাইজেরিয়ার খেলোয়াড়দের 'রাফ' ফুটবল সবার নজরে পড়েছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে স্বভাবসুলভ অমায়িক হাসি হেসে মেসি বলেন, "তারা শুধু আঘাতই করেননি, আমাকে লক্ষ্য করে লাথিও চালিয়েছে। যাই হোক, আমি কিছু মনে করিনি। আমার কাছে খেলাটাই আসল।"
ব্রাজিলের সঙ্গে ১৪ ও ২৮ সেপ্টেম্বর দু'টো ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দু'টো খেলায় অবশ্য মেসিকে বাইরে রেখে দল ঘোষণা করেছেন কোচ অ্যালেহান্দ্রো সাবেইয়া। দলের সেরা খেলোয়াড়েরও যে বিশ্রামের প্রয়োজন, তা নতুন কোচের জানা আছে বৈকি!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯২৫ ঘ.
bdnews24