ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাইজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আর্জেন্টিনা কোচ আলেহান্দ্রো সাবেইয়া।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার খেলা শেষে আর্জেন্টিনার নতুন কোচ বলেন, "পরপর দু'টি প্রদর্শনী খেলায় আমরা জিতেছি। এটি খুবই সুখের বিষয়। আর দলের 'পারফরমেন্স'রও উন্নতি ঘটছে, যা আমাদের আশা যোগাচ্ছে।"
এর আগে আবুজায় নাইজেরিয়ার কাছে আর্জেন্টিনা হার মানে ৪-১ গোলে। আর্জেন্টিনা কোচ অবশ্য সে কথা ভাবতে চান না, "আগে কি ঘটেছে তা আর মনে করতে চাই না। এখন আমরা সামনে তাকাতে চাই।" তবে একে তিনি প্রতিশোধ বলতে মোটেও রাজি নন।
"প্রতিপক্ষ হিসেবে নাইজেরিয়া খুবই শক্তিশালী দল। তাদের আক্রমণভাগের খেলোয়াড়রা খুব দ্রুত উপরে উঠতে পারেন, যা যে কোনো প্রতিপক্ষের জন্য চিন্তার কারণ হয়ে উঠতে পারে। তবে আমরা ভালো খেলেই জিতেছি," বলেন সাবেইয়া।
সংবাদ সম্মেলনে ঘুরে-ফিরে বার বারই উঠেছে মেসির কথা। তার প্রশংসা করতে ভোলেননি তিনি, "মেসি গোল করতে পারেনি, কিন্তু পুরো দলের খেলায় ছিল তার পরোক্ষ অবদান।"
মেসিই ব্যবধান গড়ে দিয়েছেন: সিয়াসিয়া
দুই দলের মধ্যে মেসিই ব্যবধান গড়ে দিয়েছেন বলে মনে করেন নাইজেরিয়া কোচ স্যামসন সিয়াসিয়া।
খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, "মেসিই যে ম্যাচের সেরা খেলোয়াড়, তা নির্দ্বিধায় বলে দেয়া যায়। বলতে পারেন তার কাছেই হেরেছি আমরা। তাই বলে আমরা খারাপ খেলে হেরেছি, তা বলবো না।"
"চেষ্টা করেছি, কিন্তু পারিনি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা ঢেলে দিয়েছেন। আমি তাদের খেলায় সন্তষ্ট," বলেন সিয়াসিয়া।
নাইজেরিয়া অধিনায়ক অবি মিকেল বলেন, "বিশ্বের সেরা দলগুলোর একটির কাছে আমরা হেরেছি। এতে আমাদের মধ্যে কোনো দুঃখ নেই। তারা যোগ্য দল হিসেবেই জিতেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২৩১০ ঘ.
bdnews24