ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রদর্শনী ফুটবল খেলা চলাকালে ঢাকা যেন পরিণত হয় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে।
ম্যাচের ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢুকলে যে কেউ মনে করতে হতে পরে নিরপেক্ষ মাঠে নয় বরং নিজেদের মাঠে খেলেছে আর্জেন্টিনা। আবুজায় দুই দলের শেষ দেখায় নিজেদের মাঠে খেলার সুবিধা নিয়ে আর্জেন্টিনার দ্বিতীয় সারির দলটিকে একরকম গুড়িয়ে দেয় নাইজেরিয়া। জেতে ৪-১ গোলে।
তার শোধ যেন হলো বাংলাদেশে। গ্যালারিতে ফুটবল পাগল দর্শকদের একতরফা সমর্থনে প্রতিপক্ষকে নিয়ে খেলল মেসির আর্জেন্টিনা।
খেলার শুরুতে তো গোল প্রয়োজন হয়নি। মেসির পায়ে বল গেলেই উল্লাসে ফেটে পড়ছিল দর্শকরা। মেসির জাদুকরী ফুটবল দেখার পর ওই উচ্ছ্বাস ক্রমেই বেড়েছে।
শুধু মাঠেই নয় মেসি জাদু দেখতে মাতোয়ারো ছিল পুরো ঢাকা। খেলা শুরু হবে সন্ধ্যা সাতটায়। বেলা পাঁচটা, তখনো বড় পর্দা লাগানো হয়নি। সব কিছু এনে কাজ চলছে। তার পরও বেশ কয়েকজন দর্শক সেখানে ঠাঁয় দাঁড়িয়েছিলেন।
শেষ পর্যন্ত সাড়ে ছয়টা নাগাদ বড় পর্দা লাগানোর মুহূর্তের মধ্যে সেখানে লোকে লোকারণ্য হয়ে যায়। খেলা শুরুর আগেই তিল ধারণের ঠাঁই ছিল না। ম্যাচ শুরুর পর দর্শক কেবল বেড়েছেই।
বড় পর্দার দর্শকরাও বুঁদ হয়েছিলেন মেসিতে। মেসির পায়ে বল মানেই বিশেষ কিছু। তবে শুধু মেসি নয় নাইজেরিয়ার রক্ষণভাগে আর্জেন্টিনা বল নিয়ে এগুলেই উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন তারা।
বুয়েন্স আয়ার্সে কি এর চেয়েও বেশি কিছু হয়?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১০৪ ঘ.
bdnews24