ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা-নাইজেরিয়া খেলাটি দিয়ে মঙ্গলবার বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় রচিত হতে যাচ্ছে। এর আগে কখনোই এত বড় মাপের ফুটবল ম্যাচের আয়োজক হতে পারেনি বিশ্বমানচিত্রের ছোট্ট এই দেশটি। উপরি পাওনা হিসেবে আছে বিশ্বের সেরা ফুটবলার লিওনেল মেসিকে কাছ থেকে দেখার সুযোগ। যদিও মেসি ছাড়াও ঢাকার মাঠ আলোকিত করার ক্ষমতা রাখেন দুই দলের আরো বেশ কয়েকজন খেলোয়াড়। তাদের নিয়েই আমাদের এই আয়োজন।
জন ওবি মিকেল:
নাইজেরিয়া দলের সবচেয়ে বড় তারকা। বেশ কিছুদিন ধরেই আলোচিত মাঝমাঠের এই খেলোয়াড়। তবে সেটা ফুটবলের জন্য নয়, ভিন্ন কারণে। কিছুদিন আগে তার বাবা অপহৃত হয়েছিলেন। চেলসির খেলোয়াড় ওবি মিকেলের কাছে মুক্তিপণও দাবী করা হয়েছিল। শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে পরে ঠিকই উদ্ধার করা হয় তার বাবাকে। অ্যাজাক্স, লিও ঘুঁরে ২০০৬ সালে চেলসির মতো দলে যোগ দেন তিনি। সেই দলবদল নিয়েও কম নাটক হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ওয়েবসাইটে ঘোষণা দিয়েছিল, মিকেল তাদের দলে যোগ দিচ্ছেন। পরে দেখা গেলা, ব্লুজদের জার্সি চড়েছে মিকেলের গায়ে। দেশের হয়ে ৩৩ ম্যাচ খেলেছেন। দুটো গোলও আছে নামের পাশে। আর চেলসির হয়ে ৬ মৌসুমে খেলেছেন ২০৫ ম্যাচ।
অ্যাঞ্জেল ডি মারিয়া:
দুর্দান্ত তার ফুটবল শৈলী। এল অ্যাঞ্জেলিতো ডাকনামটাও সুন্দর ফুটবলের কারণেই পেয়েছেন। ২০০৫ সালে 'রোজারিও সেন্ট্রাল' নামের ছোট এক দলে যোগ দেয়ার মাধ্যমে ফুটবলের পেশাগত জগতে প্রবেশ তার। ২০০৭ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দারুন ফুটবল খেলে আলোচনায় চলে আসেন তিনি। এখন খেলেন রিয়াল মাদ্রিদের মতো বিখ্যাত দলে। ডি-বক্সের বাইরে বল নিয়ে তার অস্থির বিচরণ প্রতিপক্ষকে সব সময়ই চাপে রাখে। তাই ঢাকার ম্যাচেও মাঠের সবটুকু আলো তিনি কেড়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
উচুকু উচে:
নাইজেরিয়ায় জন্ম হলেও ২০ বছর পূর্ণ হওয়ার আগেই স্পেনে চলে আসেন উচে। ফুটবল জীবনের বেশিরভাগ সময়ই কেটেছে এই দেশে। গেটাফে, জারাগোজা, ভিলারিয়াল হয়ে এখন খেলছেন গ্রানাডা এফসিতে। ২০০৭ সাল থেকে নাইজেরিয়ার জাতীয় দলের হয়ে খেলছেন। এ বছর জুনে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের মাটিতে প্রীতি ম্যাচে নাইজেরিয়া জিতেছিল ৪-১ গোলে। চার গোলের দুটিই এসেছিল উচের পা থেকে। ঢাকায় যদি আবারও আর্জেন্টিনা বধ করতে হয়, তবে নাইজেরিয়াকে উচের ওপরই ভরসা করতে হবে।
সার্জিও অ্যাগুয়েরো:
'মারাদোনার জামাতা' বিশেষণ ভেঙ্গে এখন নিজের নামে পরিচিতি পাচ্ছেন তিনি। অনেকের প্রিয় 'এল কুন' প্রায় ৩৮ মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে এবার পাড়ি জমিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথমবার খেলতে এসে প্রথম ম্যাচেই পেলেন গোলের দেখা। চলতি বছরের কোপা আমেরিকায় আর্জেন্টিনা চূড়ান্ত রকমের 'ফ্লপ' মারলেও ঠিকই নিভু নিভু তারকারাজির মাঝে উজ্জ্বল ছিলেন ওই অ্যাগুয়েরো। কোচ অ্যালেহান্দ্র সাবেইয়ার মূল একাদশে জায়গা না পেলেও বদলি হিসেবে নেমে ম্যাচের মোড় পাল্টে দিতে তার কোনো জুড়ি ছিলো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৮৩০ ঘ.
bdnews24