ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছে নাইজেরিয়াকে।
আর্জেন্টিনার পক্ষে একটি করে গোল দেন গঞ্জালো হিগুয়েন ও অ্যাঞ্জেল ডি মারিয়া। অপর গোলটি ছিল আত্মঘাতী। যদিও কোনো গোল করেননি লিওনেল মেসি, তবে তিনটির মধ্যে দু'টো গোলেই রয়েছে তার পায়ের জাদু। আক্ষরিক অর্থেই তিনি তার বার্সেলোনার 'ফর্ম' অনুবাদ করেন ঢাকার মাঠে।
আর নাইজেরিয়ার হয়ে একটি গোল শোধ করেন বদলি খেলোয়াড় শিনেদু ওবাচি।
রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার ২৪ মিনিটে ডি মারিয়া বল দেন লিওনেল মেসিকে। তিনি হাল্কা করে বল ভাসিয়ে দেন প্রতিপক্ষের বক্সে দাঁড়ানো হিগুয়েনকে। বুক দিয়ে বলটি নামিয়ে ডান পায়ে শট নেন তিনি। বল আশ্রয় নেয় জালে।
ঠিক দুই মিনিট পর মেসি নাইজেরিয়ার রক্ষণভাগের চারজন খেলোয়াড়কে কাটিয়ে গোলপোস্ট লক্ষ্য করে শট নেন। গোলরক্ষক আইয়েনুগবা শুয়ে পড়ে তা ঠেকিয়ে দেন। কিন্তু বল পেয়ে যান সুযোগ সন্ধানী ডি মারিয়া। খালি গোলপোস্টে বল ঠেলে দুই গোলে এগিয়ে নেন তিনি দলকে।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫ ) বেঁচে যায় নাইজেরিয়া। প্রতিপক্ষের বক্সের সামনে থেকে শট নেন মেসি। কর্নারের বিনিময়ে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতে নাইজেরিয়ার এক খেলোয়াড় আড়াআড়িভাবে বল ফেলেন আর্জেন্টিনার বক্সের মাঝামাঝি জায়গায়। ওবাচি কেবল বলের গতি পথ পাল্টে দেন গোলপোস্টের দিকে। গোলরক্ষক রোমেরোর হাতে লেগে বল আশ্রয় নেয় জালের উপরের দিকে।
খেলার ৬৫ মিনিটে ডি মারিয়া বল ঠেলে দেন বক্সের ভেতর দাঁড়ানো হিগুয়েনকে। বল ধরেই শট নেন তিনি। কিন্তু গোলরক্ষকের হাতে লেগে বল ফিরে আসলেও নাইজেরিয়ার অন্য এক খেলোয়াড় উওয়া ইচেইজিলের পায়ে বল লেগে তা গোল-লাইন অতিক্রম করে যায়।
৭৭ মিনিটে হিগুয়েনকে মাঠ থেকে তুলে নেন কোচ আলেহান্দ্রো সাবেইয়া। তার বদলে খেলতে নামেন অনেকের মতে আর্জেন্টিনার ফুটবল ইশ্বর হিসেবে পরিচিত দিয়েগো মারাদোনার জামাতা সার্জিও অ্যাগুয়েরো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এএনএম/২১০৩ ঘ.
bdnews24