ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিয়ান্দ্রো দামিয়াওয়ের একমাত্র গোলে প্রীতি ম্যাচে সোমবার ঘানার বিপক্ষে জিতেছে ব্রাজিল।
প্রত্যাশিত জয় ধরা দিলেও ব্রাজিলের খেলা হতাশ করেছে সমর্থকদের। তবে দীর্ঘদিন পর দলে ফেরা রোনালদিনহো ঠিকই ভক্তদের আনন্দ দিয়েছেন তার সরব উপস্থিতির মাধ্যমে।
খেলার একমাত্র গোলটি আসে প্রথমার্ধের অন্তিম মুহূর্তে। ফার্নান্দিনহোর দুর্দান্ত 'পাস' চতুরতার সঙ্গে ঘানার জালে জড়িয়ে দেন দামিয়াও।
আগের প্রীতি ম্যাচে জার্মানির কাছে হেরে যাওয়া ব্রাজিল এই খেলায় জয়ের জন্য ক্ষুধার্ত ছিলো। কোচ মানো মেনজেস সে লক্ষ্যে মূল একাদশে রেখেছিলেন রোনালদিনহো ও মার্সেলোকে। অপরদিকে, চোটের কারণে আসামোয়া গায়েন ও আন্দ্রে আয়েও'র মতো তারকা খেরোয়াড় ছাড়াই মাঠে নেমেছিল আফ্রিকার দেশ ঘানা।
৩৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে দানিয়াল ওপেরা মাঠের বাইরে চলে যাওয়ায় দশ জনের দলে পরিণত হয় ঘানা। তারপরও সমান তালেই লড়ে গেছে তারা। আরও সহজ ভাষায় বললে, ব্রাজিলের চেয়ে তারাই মাঠে উজ্জ্বলতা ছড়িয়েছে বেশি।
খেলার প্রথম মিনিটেই দুটি কর্নার তুলে আফ্রিকার গতিময় ফুটবলের প্রদর্শনী শুরু করে ঘানা। ২০ মিনিট যাওয়ার পর ব্রাজিলও তাদের ছন্দ দেখাতে শুরু করে। আক্রমণ পাল্টা-আক্রমণের মধ্য দিয়ে ৪৪ মিনিটে দামিয়াওয়ের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেও প্রাধান্য বজায় রেখে খেলতে থাকে ব্রাজিল। বলের দখল রেখে ১০ জনের প্রতিপক্ষকে আটকে ফেলার কৌশল তৈরী করতে থাকে মেনজেসের শিষ্যরা। হাল্কের উপস্থিতি ব্রাজিলের আক্রমণে প্রাণ শক্তির সঞ্চার করছিল। তবে সব হলেও গোলের দেখা পাচ্ছিল না দক্ষিণ আমেরিকার দেশটি।
শেষ ১৫ মিনিটে গোল শোধের আশায় ব্রাজিলকে চেপে ধরে ঘানা। তবে ব্রাজিলের শক্ত রক্ষণকে ফাঁকি দিতে না পারায় হারের তিক্ত স্বাদ নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৭২৪ ঘ.
bdnews24