ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেসির আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যে প্রীতি খেলা দেখার জন্য স্টেডিয়ামে দর্শকরা ঢোকা শুরু করেছেন। তাদের মধ্যে ছেলে ও মেয়েদের সংখ্যা প্রায় সমান সমান।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের তিনটি গেট বিকেল তিনটায় খোলার সঙ্গে সঙ্গে দর্শকদের ঢোকা শুরু হয়। কারো কারো মুখে আঁকা ছিল আর্জেন্টিনার পতাকা, কারো বা মুখে লেখা ছিল মেসি: শুধু ১০ নম্বরও লেখা ছিল অনেকের মুখে।
আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়েও এসেছিলেন অনেকে। কেউ কেউ পরেছিলেন বার্সেলোনার জার্সিও।
দর্শকরা খেলা দেখতে আশা শুরু করেন দুপুর একটা-দেড়টা থেকে। গেট খোলার আগ পর্যন্ত তারা এলোমেলোভাবে দাঁড়িয়েছিলেন ছায়ার মধ্যে। গেট খোলার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে স্টেডিয়ামে ঢোকার তোড়জোড় শুরু হয়ে যায়। কে আগে ঢুকতে পারবে সেই চেষ্টাই করতে থাকে সবাই।
এ ব্যাপারে জানতে চাইলে তাদের জবাবে খেলার চেয়ে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে দেখার উৎসাহ যে তাদের মধ্যে বেশি তা স্পষ্ট হয়ে ওঠে।
এক দর্শক জানান, "যতো তাড়াতাড়ি স্টেডিয়ামে ঢুকতে পারবো, মাঠের ততো কাছাকাছি বসতে পারবো। তাহলে মেসিকে খুব ভালোভাবে দেখতে পারবো।" আসলে সব দর্শকের ইচ্ছা যেন মিলে গেছে এক বিন্দুতে।
টিকেট সংগ্রহ না করেও এসেছেন অনেকে। তারা আশায় আছেন সব টিকেট বিক্রি না হলে কোনো কারণে খেলা দেখার যদি সুযোগ পাওয়া যায়।
খেলা শুরু হওয়ার কথা সন্ধ্যা সাতটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬২৪ ঘ.
bdnews24