২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনেও আলো ছড়ালেন মেসি

মেসি, মেসিই। 'ড্রিবলিং', 'শুটিং' ও বল আদান-প্রদানের মধ্য দিয়ে আরো ভালোভাবে চেনালেন তিনি নিজেকে। আর এর সব কিছুতেই ছিল তার পায়ের জাদুকরি ছোঁয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেসি, মেসিই। 'ড্রিবলিং', 'শুটিং' ও বল আদান-প্রদানের মধ্য দিয়ে আরো ভালোভাবে চেনালেন তিনি নিজেকে। আর এর সব কিছুতেই ছিল তার পায়ের জাদুকরি ছোঁয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার সন্ধ্যায় আর্জেন্টিনা দলের অনুশীলনে দেখা গেছে এমনই দৃশ্য। অনুশীলন শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। শেষ হয় ৭টা ৪০ মিনিটে। মাঠে অনুশীলন করেছেন ২৩ জন খেলোয়াড়। কিন্তু মেসি বল পেলেই মাঠে উপস্থিত হাজার দশেক দর্শক উল্লাসে মেতে ওঠেন। 'মেসি মেসি' ধ্বনিতে মুখরিত করে তোলেন স্টেডিয়াম। যেন মেসি মানেই আর্জেন্টিনা দল। হতাশ করেননি মেসিও। একটা প্রদর্শনী ম্যাচের জন্য অনুশীলন, অথচ মেসিকে দেখা গেছে সবচেয়ে বেশি উদ্যোগী। তার পায়ের কসরত আলাদা করে চেনা গেছে। তিনি কতো বড় মাপের ফুটবলার, অনুশীলনেও তার ঝলক দেখেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত একঘন্টারও কিছু বেশি সময় আর্জেন্টিনা দল অনুশীলন করে। অর্ধেক মাঠে দাগ দিয়ে চলে তাদের এই অনুশীলন। অর্ধেক মাঠে আর্জেন্টিনা দলের অনুশীলন কেন? পরে জানা গেল এর উত্তর, প্রতিপক্ষ নাইজেরিয়া হয়তো রক্ষণাত্মক ফুটবল খেলবে। তাই আক্রমণাত্মক ফুটবল খেলার কৌশলের সঙ্গে আরো ভালোভাবে ধাতস্ত হতেই কোচ আলেহান্দ্র সাবেইয়ার এই উদ্যোগ। কিন্তু মেসিকে বাদ দিয়ে কোচ যেন কোনো পরিকল্পনাই নিতে পারছেন না। সাবেইয়ারের কৌশলের বিভিন্ন ক্ষেত্র জুড়ে ছিলেন শুধু মেসি আর মেসি। তাই কখনো ফ্রি-কিক, কখনো কর্নার শট, আবার কখনো আক্রমণের মূল কেন্দ্রবিন্দুতে দেখা গেছে মেসিকে। অনুশীলন-পূর্ব সংবাদ সম্মেলনে মেসি সম্পর্কে কোচ বলেন, "তিনি একজন অনন্য ফুটবল প্রতিভা। তিনি নিজেই শুধু খেলেন না, দলকেও খেলাতে জানেন।" কোচের এই কথায় বলে দেয়, মেসি দলের জন্য কতোটা গুরুত্বপূর্ণ। নাইজেরিয়ার বিপক্ষে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ম্যাচে নিজের জাতটা আরও ভালোভাবেই চেনাবেন। একটি টেলিভিশন চ্যানেলে জানানো হয়, জাতীয় অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের সব খেলোয়াড় এই অনুশীলন দেখেন। পরে তাদের কয়েকজন জানান, মেসির অনুশীলন দেখে তারা অনেক কিছু শিখেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১০৬ ঘ.