ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেসিদের অনুশীলনকে ঘিরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এলাকায় সাজ-সাজ রব পড়ে গেছে। এরই মধ্যে দর্শকরা মাঠে প্রবেশ করতে শুরু করেছেন।
অনুশীলন দেখতে দুপুর দু'টা থেকেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে ভীড় জমান ভক্ত-সমর্থরা। ঠিক তিনটায় স্টেডিয়ামের তিনটি গেট খুলে দেয়া হয়।
প্রিয় তারকাদের কাছে থেকে দেখতে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে এসেছেন সব বয়সের দর্শকরা। তাদের কারো কারো মুখে লেখা রয়েছে মেসি, কারো বা আর্জেন্টিনা, আবার কারো কারো শুধু ১০ নম্বর।
বিনামূল্যে টিকেট পাওয়া স্কুলের শিক্ষার্থীরা স্কুলের পোশাক পরে মাঠে প্রবেশ করছে।
সবাইকেই কড়া নিরাপত্তা বেষ্টনী পার হয়ে মাঠে ঢুকতে হচ্ছে।
আগ্রহী দর্শকদের জন্য এখনো টিকেট কেটে মাঠে ঢোকার সুযোগ রয়েছে। তিনটি গেটের সামনে গাড়িতে করে টিকেট বিক্রি করা হচ্ছে।
গ্যালরির টিকেটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা। ভিআইপি গ্যালারি ২ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/টিআর/১৬১০ ঘ.
bdnews24