ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি খেলায় অধিনায়ক লিওনেল মেসিকে নিজের মতো করে খেলার সুযোগ দেবেন বলে জানিয়েছেন কোচ আলেহান্দ্রো সাবেইয়া।
হোটেল রূপসী বাংলায় এক সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, "ভেনিজুয়েলার বিপক্ষে খেলার পর আমরা প্রস্তুতির জন্য তিন দিন সময় পেয়েছি। প্রস্তুতির জন্য সময়টা যথেষ্ট।"
নাইজেরিয়ার বিপক্ষে প্রদর্শনী ম্যাচটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলে জানান সাবেইয়া। তিনি বলেন, "এই দলটা তরুণদের নিয়ে গড়া। আমিও দলে নতুন। তবে খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ভালো।" তিনি তার দলকে গোছানো বলে অভিহিত করেন।
নাইজেরিয়া দল সম্পর্কে আর্জেন্টিনা কোচ বলেন, "আমার খুব একটা ধারণা নেই।" তবে নাইজেরিয়াকে শক্তিশালী দল হিসেবে মানছেন তিনি।
এ বছর ১ জুন নাইজেরিয়ার মাটিতে সে দেশের বিপক্ষে প্রদর্শনী খেলায় ৪-১ গোলে হারে আর্জেন্টিনা। এ জন্য দল চাপে আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, "ওই খেলা নিয়ে ভাবছি না। ওটা এখন অতীত। আর ওই খেলা নিয়ে ভাবলে দলের ক্ষতি হতে পারে।"
তার দলের শক্তিশালী বিভাগ কোনটা? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "মূলত আমার আক্রমণভাগই বেশি শক্তিশালী। তবে দলের সবাই গুরুত্বপূর্ণ। আগের খেলায় মাঝমাঠের এক খেলোয়াড় গোল করেন। তার মানে এই নয় যে আক্রমণভাগের খেলোয়াড়রা গোল পচ্ছেন না।"
তবে দল কিভাবে সাজাবেন সে ব্যাপারে মুখ খোলেননি সাবেইয়া।
মেসির নেতৃত্বে ভারত ও বাংলাদেশ সফরে এসেছে আর্জেন্টিনা দল। অধিনায়ক মেসি সম্পর্কে তিনি বলেন, "অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী মেসি। তিনি বিশ্বের সেরা খেলোয়াড়। তার মতো খেলোয়াড়কে দলে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। দলের কোচ ও খেলোয়াড়দের সঙ্গে তিনি সব সময় সুসম্পর্ক বজায় রাখেন। একজন সেরা খেলোয়াড়ের যে সব গুন থাকা দরকার তার সবই আছে মেসির মধ্যে।"
এক বছরের মধ্যে আর্জেন্টিনা দলে দু'বার কোচ বদল হয়েছে। এ জন্য চাপে আছেন কিনা? জানতে চাইলে তিনি বলেন, "আর্জেন্টিনা দল যথেষ্ট শক্তিশালী। এ রকম একটা দলের কোচ হওয়া সব সময়ই চাপের।" তবে তিনি নিজেকে নির্ভার দাবি করেন।
যেখানে মেসিকে নিয়ে আলোচনা সেখানে একটি প্রশ্ন অবধারিতভাবেই ওঠে, মেসি যতোটা বার্সেলোনার ততোটা আর্জেন্টিনার কিনা? এই প্রশ্নের মুখে পড়তে হয় সাবেইয়াকেও। জবাবে তিনি বলেন, "আসলে জাতীয় দল ও ক্লাব ফুটবল, দু'টো ভিন্ন জায়গা। তাই চাপও ভিন্ন।"
তবে অচেনা বাংলদেশের আতিথেয়তায় খুবই মুগ্ধ আর্জেন্টিনা কোচ।
সোমবার আর্জেন্টিনার ৪০ সদস্যের দল কলকাতা থেকে ঢাকা পৌঁছে।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দলকে হোটেল রূপসী বাংলায় নিয়ে আসা হয়। খেলোয়াড়দের বহনকারী গ্রিনলাইন পরিবহন কম্পানির বাসটির সামনে ও পিছনে ছিল পুলিশ ও র্যাবের গাড়ি।
হোটেলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/টিআর/১৫৪০ ঘ
bdnews24