২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেলে অভ্যর্থনা নেয়নি মেসির আর্জেন্টিনা

আর্জেন্টিনা দলের আপত্তির কারণে হোটেল রূপসী বাংলায় তাদের অভ্যর্থনা জানানো সম্ভব হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 06:43 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্জেন্টিনা দলের আপত্তির কারণে হোটেল রূপসী বাংলায় তাদের অভ্যর্থনা জানানো সম্ভব হয়নি। একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে বলা হয়, হোটেলে অভ্যর্থনা নেবে না বলে আর্জেন্টিনা দল আগেই জানিয়ে দিয়েছিল। লবিতেও বাইরের খাবার খাবেন না বলে তারা জানিয়েছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশ্য সব প্রস্তুতি নিয়ে রেখেছিল। মেসিসহ ৪০ সদস্যের আর্জেন্টিনা দলকে অভ্যর্থনা জানানোর কথা ছিল বাংলাদেশের মেয়েদের জাতীয় ফুটবল দলের সদস্য ও বাফুফে কর্মকর্তাদের। মেসিরা যখন হোটেলে পৌঁছেন তখন লবি ও আশেপাশে প্রচুর ফুটবল ভক্ত উপস্থিত ছিলেন। অনেকে মেসিদের দিকে ফুলের তোড়া এগিয়ে দিলেও নেননি তারা। বাস থেকে নেমেই খেলোয়াড়রা নিজ নিজ কক্ষে চলে যান। তবে কে কোন কক্ষে থাকবেন তা না জানানো হলেও খেলোয়াড়রা আগে থেকেই জানতেন তাদের নিজ নিজ কক্ষের নম্বর। আসলে তাদের হাতে চাবি আগেই দিয়ে দেয়া হয়েছিল। এর আগে বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মেসির আর্জেন্টিনাকে হোটেলে নিয়ে আসা হয়। খেলোয়াড়দের বহনকারী গ্রিনলাইন পরিবহন কম্পানির বাসটির সামনে ও পিছনে ছিল পুলিশ ও র‌্যাবের গাড়ি। দুপুর ১২টার দিকে হোটেলে পৌঁছে দলটি। হোটেলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১২৩৯ ঘ.