২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এগিয়ে চলছেন সেরেনা

ইউএস ওপেনে মেয়েদের একক দিন দিন তারকাহীন হয়ে পড়লেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউএস ওপেনে মেয়েদের একক দিন দিন তারকাহীন হয়ে পড়লেও জয়ের ধারা অব্যাহত রেখেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তৃতীয় পর্বে তিনি ৬-১ ও ৭-৬ গেমে হারান চতুর্থ বাছাই বেলারুশের ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কাকে। খেলার প্রথম ১৭ মিনিটে অপ্রতিরোধ্য সেরেনার সামনে একেবারে অসহায় ছিলেন অ্যাজারেঙ্কা। প্রথম সেটে ৫-০ তে এগিয়ে যান সেরেনা। শেষ পর্যন্ত ৬-১ এ প্রথম সেট জিতে নেন তিনি। দ্বিতীয় সেটে অ্যাজারেঙ্কা ঘুরে দাঁড়ালেও সেরেনাকে আটকানোর ক্ষমতা তার ছিলো না। টাইব্রেকারে ওই সেট ৭-৬ (৫) এ জিতে নেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে। খেলা শেষে অ্যাজারেঙ্কা বলেন, "এটা কেমন? এটা সত্যিই বেদনাদায়ক। কেউ আপনাকে একেবারে শেষ করে দিলে যেমন মনে হবে এটা ঠিক তেমন। এটা যন্ত্রণাদায়কও বটে।" চতুর্থ পর্বে ২০০৮ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন সার্বিয়ার আনা ইভানোভিচের মুখোমুখি হবেন সেরেনা। এর আগে প্রথম পর্বে হেরে বিদায় নেন উইম্বলডন চ্যাম্পিয়ন চেক প্রজাতন্ত্রের পেত্রা কভিতোভা ও ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন চীনের না লি। আর দ্বিতীয় পর্বে থেমে গেছে অষ্টম বাছাই ফ্রান্সের ম্যারিয় বারতোলি ও চতুর্দশ বাছাই স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভার দৌঁড়। অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসও দ্বিতীয় পর্ব থেকে নাম প্রত্যাহার করে নেন। এছাড়া চতুর্থ পর্ব নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই ক্যারোলিন ওজনিয়াকি, ফ্রান্সেকা শিয়াভোন, আন্দ্রে পেতকোভিচ ও সভেতলানা কুজনেতসোভা। এদিকে ছেলেদের এককে চতুর্থ পর্ব নিশ্চিত করেন নোভাক জকোভিচ, রজার ফেদেরার, মার্ডি ফিশ, জো-উইলফ্রেড সোঙ্গা, হুয়ান কার্লোস ফেরেরো ও হুয়ান মোনাকো। তবে চোটের কারণে মাঝ পথে খেলা ছেড়ে দেন নবম বাছাই টমাস বার্ডিচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৯২৬ ঘ.